সবার জন্য উন্মুক্ত নয় শক্তিশালী জিপিটি ৫.৬

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩:২২

সবার জন্য উন্মুক্ত নয় শক্তিশালী জিপিটি ৫.৬
ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন প্রজন্মের মডেল জিপিটি ৫.৬ উন্মোচন করেছে ওপেনএআই। তবে প্রকাশের পরপরই এতে বড় পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্র সরকারের অনুরোধে আপাতত এর ব্যবহার সীমিত রাখা হয়েছে। ফলে সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি এখনো পুরোপুরি উন্মুক্ত হয়নি।

ওপেনএআই জানিয়েছে, জিপিটি ৫.৬ সিরিজের মডেলগুলো প্রথম ধাপে কেবল কিছু নির্ভরযোগ্য অংশীদারের জন্য চালু করা হয়েছে। কারা এই অংশীদার, সে তালিকাও সরকারকে জানানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সীমিত প্রবেশাধিকার বহাল থাকবে।

এই সিরিজে তিনটি মডেল রয়েছে। সল, টেরা ও লুনা। এর মধ্যে সল সবচেয়ে শক্তিশালী। টেরা ভারসাম্যপূর্ণ কর্মক্ষমতা দেবে। আর লুনা দ্রুতগতির ও তুলনামূলক কম খরচে ব্যবহারের উপযোগী।

প্রতিষ্ঠানটির দাবি, নতুন মডেলগুলো প্রোগ্রামিং, জীববিজ্ঞান ও সাইবার নিরাপত্তার মতো জটিল কাজে আগের চেয়ে বেশি দক্ষ। একই সঙ্গে ক্ষতিকর ব্যবহার ঠেকাতে মডেলের ভেতরেই শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়েছে।

এর আগে আরেক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক তাদের ফেবল ৫ মডেল নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বিরোধে জড়ায়। পরে সরকারের নির্দেশে বিদেশি নাগরিকদের জন্য সেই মডেলের প্রবেশাধিকার বন্ধ করা হয়। এ ঘটনার পর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি উন্মুক্তকরণে সরকারি নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সাবেক হোয়াইট হাউসের কৃত্রিম বুদ্ধিমত্তা উপদেষ্টা ডিন বল মনে করেন, নতুন নীতির ফলে উন্নত মডেল প্রকাশের ক্ষেত্রে এক ধরনের অনুমোদন প্রক্রিয়া তৈরি হচ্ছে। এতে উদ্ভাবনের গতি কমে যেতে পারে। পাশাপাশি স্পষ্ট নীতিমালা না থাকলে ভবিষ্যতে নতুন প্রযুক্তি প্রকাশে বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে ওপেনএআই বলছে, এই সীমাবদ্ধতা স্থায়ী নয়। কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে সাধারণ ব্যবহারকারীদের জন্য জিপিটি ৫.৬ উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন