সেলফ ড্রাইভিং ফিচার ঘিরে প্রাণঘাতী দুর্ঘটনা, মামলার সমঝোতায় টেসলা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ২৮ জুন ২০২৬, ১৫:৫২

সেলফ ড্রাইভিং ফিচার ঘিরে প্রাণঘাতী দুর্ঘটনা, মামলার সমঝোতায় টেসলা
ছবি : এনগ্যাজেট

যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা তাদের ড্রাইভার সহায়ক প্রযুক্তি জড়িত আরেকটি প্রাণঘাতী দুর্ঘটনার মামলার নিষ্পত্তি করেছে। ২০২৩ সালে অ্যারিজোনায় ৭১ বছর বয়সী জোহনা স্টোরি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া এ মামলার সমঝোতা সম্পন্ন হয়েছে। তবে সমঝোতার শর্ত প্রকাশ করা হয়নি।

ঘটনাটি ঘটে যখন স্টোরি নিজের গাড়ি থেকে নেমে সড়কে অন্য একটি দুর্ঘটনার কারণে যান চলাচল নিয়ন্ত্রণে সহায়তা করছিলেন। ওই দুর্ঘটনাটি সূর্যের তীব্র আলোয় দৃশ্যমানতা কমে যাওয়ায় ঘটে। এ সময় টেসলার একটি মডেল ওয়াই গাড়ি, যা ফুল সেল্ফ-ড্রাইভিং প্রযুক্তি ব্যবহার করছিল, তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনাটি টেসলার স্বয়ংক্রিয় চালনা প্রযুক্তির সঙ্গে যুক্ত পথচারী মৃত্যুর প্রথম নথিভুক্ত ঘটনা হিসেবে বিবেচিত হয়। দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। বিশেষ করে কম দৃশ্যমানতার পরিবেশে ফুল সেল্ফ-ড্রাইভিং প্রযুক্তি কীভাবে কাজ করে তা খতিয়ে দেখা হয়।

২৭ জুন (শনিবার) এনগ্যাজেটে প্রকাশিত সংবাদে বলা হয়েছে- টেসলার অন্যান্য অনেক মামলার তুলনায় এই মামলাটি সরাসরি ফুল সেল্ফ-ড্রাইভিং প্রযুক্তিকে লক্ষ্য করে দায়ের করা হয়। পরবর্তীতে প্রযুক্তিটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ফুল সেল্ফ-ড্রাইভিং (সুপারভাইজড)। এর আগে টেসলার অটোপাইলট ফিচার নিয়েও একাধিক মামলা হয়েছে। যেমন, অটোপাইলট চালু থাকা অবস্থায় একটি মডেল এক্স দুর্ঘটনায় চালকের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলাও টেসলা সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করে।

এদিকে চলতি মাসেই আরেকটি দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার ঘটনায় টেসলার বিরুদ্ধে নতুন মামলা করেছে তার পরিবার। অভিযোগে বলা হয়েছে, ওই দুর্ঘটনায় একটি মডেল থ্রি গাড়িতে স্বয়ংক্রিয় চালনা সহায়ক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছিল।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন