ইনস্টাগ্রামে কনটেন্ট নিয়ন্ত্রণে আসছে নতুন কাস্টমাইজ সুবিধা
ব্যবহারকারীদের কনটেন্ট নিয়ন্ত্রণের সুযোগ বাড়াতে নতুন কিছু ফিচার পরীক্ষা করছে ইনস্টাগ্রাম। প্ল্যাটফর্মটির প্রধান অ্যাডাম মোসেরির সাম্প্রতিক এক পোস্টে এমন ইঙ্গিত পাওয়া গেছে।
‘ইয়োর অ্যালগরিদম’ নামের একটি ফিচার ঘিরে নতুন কিছু ব্যবহারের পদ্ধতি পরীক্ষা করা হচ্ছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কোন ধরনের বিষয়বস্তু বেশি বা কম দেখতে চান, তা নির্ধারণ করতে পারেন। গত বছর ফিচারটি চালু করার পর ধীরে ধীরে অ্যাপের বিভিন্ন অংশে এটি সম্প্রসারণ করছে ইনস্টাগ্রাম। প্ল্যাটফর্মটির প্রধান (হেড অব ইনস্টাগ্রাম) অ্যাডাম মোসেরির সাম্প্রতিক এক পোস্টে এমন ইঙ্গিত দিয়েছেন।
মোসেরির ভাষায়, ‘আমরা চাই ‘‘ইয়োর অ্যালগরিদম’’ শুধু একটি সেটিং না থেকে ব্যবহারকারীর অভিজ্ঞতার কেন্দ্রীয় অংশ হয়ে উঠুক।’ তিনি আরও জানান, কিছু ফিচার ইতোমধ্যে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, কিছু শিগগিরই আসবে, আবার কিছু হয়তো শেষ পর্যন্ত চালু নাও হতে পারে।
প্রদর্শিত উদাহরণে দেখা যায়, ইনস্টাগ্রাম ফিডে নিচের দিকে টানলে ‘ইয়োর অ্যালগরিদম’ মেনু সামনে আসতে পারে। আবার কোনো রিলস ভিডিও দেখার সময় উপরের দিকে সোয়াইপ করলেও একই ধরনের কাস্টমাইজেশন অপশন দেখানো হতে পারে। আরও একটি উদাহরণে প্রতিটি রিলসের নিচে বোতাম রাখা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারী জানাতে পারবেন, এ ধরনের ভিডিও তিনি বেশি দেখতে চান কি না।
তবে ব্যবহারকারীদের প্রতিক্রিয়ায় ভিন্ন চিত্রও দেখা গেছে। মোসেরির পোস্টে সবচেয়ে জনপ্রিয় মন্তব্যগুলোর একটি ছিল, ‘আমরা শুধু চাই আমাদের অ্যালগরিদমে আমরা যাদের ফলো করি, তাদের পোস্টই বেশি দেখা যাক।’