প্রতিযোগিতায় টিকে থাকতে টোপাজ ল্যাবস কিনছে অ্যাডোবি

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ২৭ জুন ২০২৬, ১৪:১৮

প্রতিযোগিতায় টিকে থাকতে টোপাজ ল্যাবস কিনছে অ্যাডোবি

ইমেজ ও ভিডিও সম্পাদনার বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষমতা বাড়াতে টোপাজ ল্যাবসকে অধিগ্রহণের ঘোষণা দিয়েছে অ্যাডোবি। ইমেজ ও ভিডিও উন্নয়ন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানটি এখন থেকে অ্যাডোবির ক্রিয়েটিভ ব্যবসার অংশ হিসেবে কাজ করবে।

দুই দশকের বেশি সময় ধরে ভিডিও ও ছবি উন্নয়ন সফটওয়্যার তৈরি করে আসছে টোপাজ ল্যাবস। প্রতিষ্ঠানটি গত বছর তাদের প্রোডাকশন প্রযুক্তির জন্য এমি পুরস্কারও অর্জন করে। সাম্প্রতিক সময়ে তারা ‘অ্যাস্ট্রা’ নামের ভিডিও আপস্কেলিং এবং ‘ওয়ান্ডার’ নামের ইমেজ উন্নয়ন মডেল উন্মোচন করেছে। এছাড়া সাধারণ গ্রাফিক্স কার্ডেও বড় ভিডিও মডেল চালানোর প্রযুক্তি নিয়েও কাজ করছে তারা।

অ্যাডোবি জানিয়েছে, টোপাজের প্রযুক্তি তাদের ফায়ারফ্লাই এআই অ্যাপসহ বিভিন্ন ছবি ও ভিডিও সম্পাদনা সফটওয়্যারে একীভূত করা হবে। পাশাপাশি টোপাজের সেবাগুলো আলাদাভাবে তাদের নিজস্ব ওয়েবসাইট থেকেও ব্যবহার করা যাবে

অ্যাডোবির ক্রিয়েটিভ ক্লাউড বিভাগের পণ্য বিপণন প্রধান দীপা সুব্রামানিয়াম বলেন, বাস্তব ভিডিও ফুটেজের সঙ্গে এআই ক্লিপ সমন্বয় করার ক্ষেত্রে টোপাজের প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ভিডিওর সূক্ষ্মতা বাড়ানো, নয়েজ কমানো এবং পুরোনো ফুটেজ পুনরুদ্ধার করা সহজ হবে।

ইমেজ ও ভিডিও সম্পাদনার বাজারে প্রতিযোগিতা বাড়ছে। বিভিন্ন প্রতিষ্ঠান ইতোমধ্যে এআইভিত্তিক টুলস নিয়ে এগিয়ে আসছে। এ পরিস্থিতিতে ব্যবহারকারীদের নিজস্ব প্ল্যাটফর্মে ধরে রাখতে অ্যাডোবি তাদের সেবাগুলোতে ধারাবাহিকভাবে এআই যুক্ত করছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে।

সূত্র: টেকক্রাঞ্চ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন