এআই নিয়ন্ত্রণে মানুষের হাতে চূড়ান্ত ক্ষমতা রাখার আহ্বান নাদেলার
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে সেগুলো থামানো বা বন্ধ করার ব্যবস্থা রাখার আহ্বান জানিয়েছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা। তার মতে, মডেলের কার্যক্রম নিয়ন্ত্রণে স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নাদেলা এআইয়ের নিরাপত্তা কাঠামো নতুন করে পর্যালোচনার আহ্বান জানান। তিনি বলেন, এআই মডেলের সুপারিশ, উত্তর ও কাজ শুধু গ্রহণ বা প্রত্যাখ্যান করার ওপর নির্ভর করা যাবে না। মডেলকে তার কাজ পরিচালনাকারী ব্যবস্থা থেকে আলাদা রাখতে হবে এবং নিয়ন্ত্রণ ও সুরক্ষাব্যবস্থা স্বাধীনভাবে কার্যকর করতে হবে।
নাদেলা আরও বলেন, মডেলের প্রতিটি গুরুত্বপূর্ণ কার্যক্রমের এমন নথি রাখতে হবে, যা মানুষ সহজে বুঝতে পারবেন এবং কেউ গোপনে পরিবর্তন করতে পারবেন না। একই সঙ্গে অনুমোদিত ব্যক্তির হাতে কাজ চলার মাঝপথেই মডেল থামানো বা বন্ধ করার ক্ষমতা থাকতে হবে। তিনি এ ব্যবস্থাকে জরুরি ব্রেকের সঙ্গে তুলনা করেন।
নাদেলার এ বক্তব্য এসেছে এআই প্রতিষ্ঠানগুলোর মডেলের ওপর নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি নিয়ে উদ্বেগের মধ্যে। সম্প্রতি অ্যানথ্রপিক জানিয়েছে, তাদের এআই এজেন্টগুলো নির্ভরযোগ্যভাবে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। এ কারণে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মূল্যায়নব্যবস্থাকে সরাসরি ইন্টারনেটের সঙ্গে যুক্ত রাখা বন্ধ করার উদ্যোগ নিয়েছে তারা।
এর আগে গত সেপ্টেম্বরে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই আরও সতর্কভাবে উন্নত এআই তৈরির পরিকল্পনা প্রকাশ করেন। নাদেলার বক্তব্যেও উন্নত এআইয়ের নিরাপত্তা, নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।