দেশের বাজারে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১৫:২৯

দেশের বাজারে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন

বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সুবিধার স্মার্টফোন ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের বিক্রি শুরু করেছে অপো। এ উপলক্ষে রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ স্টোরে প্রথম বিক্রির আয়োজন করা হয়।

অপোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের পাশাপাশি গণমাধ্যমকর্মী, ডিজিটাল প্রভাবক ও ফোনটির ক্রেতারা উপস্থিত ছিলেন। স্মার্টফোনটির মাধ্যমে উন্নত ক্যামেরা প্রযুক্তির পাশাপাশি ট্যাবলেট, ইয়ারবাড ও স্মার্টঘড়ির মতো সংযুক্ত পণ্যের ইকোসিস্টেম বিস্তারের পরিকল্পনাও তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।

ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রধান আকর্ষণ এর তিনটি ২০০ মেগাপিক্সেলের হ্যাসেলব্লাড ক্যামেরা। এতে ২০০ মেগাপিক্সেলের মূল, আলট্রা-ওয়াইড ও টেলিফটো ক্যামেরা রয়েছে। হ্যাসেলব্লাডের সঙ্গে যৌথভাবে তৈরি ক্যামেরা ব্যবস্থাটি বিভিন্ন দূরত্ব ও দৃষ্টিকোণ থেকে ছবির সূক্ষ্ম বিবরণ ধারণের জন্য তৈরি করা হয়েছে।

অপোর ‘ট্রু টু আইজ’ ইমেজিং দর্শনের লক্ষ্য ছবিতে দৃশ্যের স্বাভাবিক রং, আলো ও পরিবেশ তুলে ধরা। এ কাজে রয়েছে নতুন প্রজন্মের লুমো ট্রু ইমেজ ইঞ্জিন। এতে ২৪-চ্যানেলের মাল্টিস্পেকট্রাল সেন্সরযুক্ত ‘ট্রু কালার ক্যামেরা’ ব্যবহার করা হয়েছে, যা আশপাশের আলোর পরিস্থিতি বিশ্লেষণ করে রং ও সাদা ভারসাম্য আরও নিখুঁতভাবে নির্ধারণে সহায়তা করে।

ক্যামেরা ব্যবস্থাটিতে ১৫ ইভি পর্যন্ত ডায়নামিক রেঞ্জ রয়েছে। লুমো ন্যাচারাল টোন ইঞ্জিন আলো ও ছায়ার ভারসাম্য বজায় রাখে। অন্যদিকে, লুমো হাইপার পিক্সেল ইঞ্জিন ছবির সূক্ষ্ম বিবরণ ও বুনট অক্ষুণ্ণ রেখে কৃত্রিমভাবে ধার বাড়ানোর প্রবণতা কমায়।

ভিডিও ধারণের জন্য ফোনটিতে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেমে ৮কে এবং সর্বোচ্চ ১২০ ফ্রেমে ৪কে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে। এ ছাড়া ৪কে ডলবি ভিশন ও ‘ওপেন গেট ক্যাপচার’ প্রযুক্তিও যুক্ত করা হয়েছে।

ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০০ প্রো চিপসেট, ১৬ জিবি র‍্যাম, ৫১২ জিবি স্টোরেজ এবং ৬ দশমিক ৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ব্যাটারির ধারণক্ষমতা ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার। চার্জ দেওয়ার জন্য রয়েছে ৮০ ওয়াট সুপারভুক তারযুক্ত ও ৫০ ওয়াট এয়ারভুক তারহীন চার্জিং সুবিধা।

অপো বাংলাদেশের অনুমোদিত এক্সক্লুসিভ পরিবেশকের মহাব্যবস্থাপক ডেমন ইয়াং বলেন, ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা ও ‘ট্রু টু আইজ’ প্রযুক্তির মাধ্যমে ক্রেতাদের জন্য ফটোগ্রাফির নতুন অভিজ্ঞতা তৈরি করতে চায় অপো। স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেট, ইয়ারবাড ও স্মার্টঘড়ির মতো পণ্য নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স এখন মতিঝিলের অপো ফ্ল্যাগশিপ স্টোরসহ দেশের অনুমোদিত বিক্রয়কেন্দ্রগুলোতে পাওয়া যাচ্ছে। লুনা হোয়াইট ও টাইটানিয়াম গ্রে রঙে ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজের সংস্করণটির দাম ২ লাখ ৫৯ হাজার ৯শ’ ৯৯ টাকা।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন