ড্রোন দিয়ে পণ্য সরবরাহের পরিকল্পনা থেকে সরে দাঁড়াল অ্যামাজন

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১৪:৫৭

ড্রোন দিয়ে পণ্য সরবরাহের পরিকল্পনা থেকে সরে দাঁড়াল অ্যামাজন

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ওয়েস্টবোরো শহরে ড্রোনের মাধ্যমে পণ্য সরবরাহকেন্দ্র চালুর পরিকল্পনা বাতিল করেছে অ্যামাজন। শব্দদূষণ, নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের আপত্তির মুখে বাণিজ্যিক ড্রোন চলাচল সীমিত করার পক্ষে ভোট দেয় শহর কর্তৃপক্ষ। এরপরই আবেদন প্রত্যাহার করে নেয় প্রতিষ্ঠানটি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকায় আইনি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে অ্যামাজনের এ পরিকল্পনার কথা জানতে পারেন বাসিন্দারা। গত ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত গণশুনানিতে প্রতিষ্ঠানটি জানায়, তাদের প্রাইম এয়ার ড্রোন পাঁচ পাউন্ড পর্যন্ত ওজনের পণ্য ৩০ মিনিটের মধ্যে পৌঁছে দিতে পারবে।

প্রস্তাবিত কেন্দ্র থেকে সাড়ে সাত মাইল এলাকার গ্রাহকদের পণ্য সরবরাহের পরিকল্পনা ছিল। ড্রোনগুলো প্রায় ১৩ ফুট ওপর থেকে বাড়ির আঙিনা বা গাড়ি রাখার জায়গায় পণ্য নামিয়ে দেওয়ার কথা ছিল। অ্যামাজনের ধারণা ছিল, শুরুতে ছয়টি ড্রোন দিয়ে কার্যক্রম চালানো হবে।

গণশুনানির আট দিন পর স্থানীয় একটি হোটেলে আলাদা মতবিনিময় সভার আয়োজন করে অ্যামাজন। এতে দুই শতাধিক বাসিন্দা অংশ নেন। তারা ড্রোনের শব্দ, উড্ডয়ন ও চলাচলের সংখ্যা, ব্যক্তিগত গোপনীয়তা, নিরাপত্তা এবং সম্পত্তির মূল্যের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্ন তোলেন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সভায় কেউই প্রস্তাবটির পক্ষে কথা বলেননি।

এরপর স্থানীয় দুই বাসিন্দা রড জ্যানে ও ক্রিস্টিন ফার্মার ড্রোনকেন্দ্রের অনুমোদন নিয়ে আপত্তি জানান। তারা বিশেষ অনুমতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ২৫ জনের স্বাক্ষরসহ আবেদন করেন।

পরবর্তী সময়ে অনুষ্ঠিত একটি বিশেষ সভায় বাণিজ্যিক ড্রোনের উড্ডয়ন, অবতরণ ও পণ্য সরবরাহের স্থান সীমিত করার প্রস্তাব ৫১০-১৩ ভোটে পাস হয়। তবে কার্যকর হওয়ার আগে প্রস্তাবটির জন্য অঙ্গরাজ্য কর্তৃপক্ষের পর্যালোচনা ও অনুমোদন প্রয়োজন।

ভোটের ১১ দিন পর অ্যামাজন তাদের আবেদন প্রত্যাহারের অনুরোধ জানায়। চলতি মাসের শুরুতে নগর পরিকল্পনা বোর্ড সেই আবেদন গ্রহণ করে। তবে সংশোধিত পরিকল্পনা নিয়ে আবার আবেদন করার সুযোগ প্রতিষ্ঠানটির রয়েছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন