চ্যাটজিপিটিকে অ্যাপ ব্যবহারের কেন্দ্র বানাতে চায় ওপেনএআই

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭

চ্যাটজিপিটিকে অ্যাপ ব্যবহারের কেন্দ্র বানাতে চায় ওপেনএআই
ছবি: সংগৃহীত

চ্যাটজিপিটিকে শুধু প্রশ্নের উত্তর দেওয়ার এআই টুল হিসেবে নয়, বিভিন্ন অ্যাপ খোঁজা ও ব্যবহারের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে ওপেনএআই। নতুন ব্যবস্থায় ব্যবহারকারীর প্রয়োজন বুঝে চ্যাটজিপিটি নিজেই উপযুক্ত অ্যাপের পরামর্শ দেবে এবং একই প্ল্যাটফর্ম থেকে সেই অ্যাপ ব্যবহারের সুযোগ দেবে।

গতকাল (২৯ সেপ্টেম্বর) ডেভেলপারদের জন্য বার্ষিক প্রযুক্তি সম্মেলন (ডেভ ডে) অনুষ্ঠানে এ পরিকল্পনার পাশাপাশি নতুন এআই মডেল ও স্বয়ংক্রিয় এআই সহকারী ‘ডটস’ উন্মোচন করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির লক্ষ্য, ভবিষ্যতে আলাদা করে অ্যাপ স্টোরে গিয়ে প্রয়োজনীয় অ্যাপ খোঁজার প্রয়োজন কমিয়ে আনা।

ওপেনএআইয়ের হিসাবে, প্রতি সপ্তাহে ১২০ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেন। এই বিশাল ব্যবহারকারীভিত্তিকে কেন্দ্র করে চ্যাটজিপিটির কথোপকথনের মধ্যেই বিভিন্ন অ্যাপের সুবিধা যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

ধরা যাক, কোনো নির্দিষ্ট কাজ করতে একটি অ্যাপ প্রয়োজন। সে ক্ষেত্রে চ্যাটজিপিটি কথোপকথনের সময় ওই অ্যাপের পরামর্শ দিতে পারবে। ব্যবহারকারীকে আলাদা করে অ্যাপটি খুঁজে ডাউনলোড বা চালু করার পরিবর্তে চ্যাটজিপিটির ভেতর থেকেই সেটি ব্যবহারের সুযোগ মিলবে।

এ জন্য অ্যাপ নির্মাতাদের জন্য চ্যাটজিপিটির সংযুক্তি ব্যবস্থাও বাড়াচ্ছে ওপেনএআই। নির্মাতারা নিজেদের সেবার জন্য চ্যাটজিপিটির মধ্যে বিশেষ প্যানেল তৈরি করতে পারবেন। পাশাপাশি ‘চ্যাটজিপিটি দিয়ে প্রবেশ’ সুবিধার মাধ্যমে চ্যাটজিপিটি অ্যাকাউন্ট ব্যবহার করেই বিভিন্ন তৃতীয় পক্ষের অ্যাপে প্রবেশ করা যাবে। প্রাথমিকভাবে ১৬টি প্রতিষ্ঠান এই ব্যবস্থায় যুক্ত হয়েছে।

এই পরিবর্তনের সঙ্গে যুক্ত হচ্ছে ‘ডটস’ নামের স্বয়ংক্রিয় এআই সহকারীও। ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ করার জন্য এতে কম্পিউটার ও ওয়েব ব্রাউজার ব্যবহারের সক্ষমতা থাকবে। প্রয়োজন অনুযায়ী সংযুক্ত অ্যাপ ব্যবহার করেও কাজ সম্পন্ন করতে পারবে এটি। ওপেনএআইয়ের দাবি, ডটস চার হাজারের বেশি অ্যাপের সঙ্গে যুক্ত হতে পারবে।

ফলে ভবিষ্যতে ব্যবহারকারীকে কাজ অনুযায়ী আলাদা করে অ্যাপ খুঁজতে নাও হতে পারে। কাজের ধরন বুঝে এআই সহকারীই প্রয়োজনীয় অ্যাপ নির্বাচন করে সেটি ব্যবহারের মাধ্যমে কাজটি সম্পন্ন করতে পারবে।

তবে অ্যাপ স্টোরের মতো অর্থ পরিশোধ, অ্যাপ বিক্রি বা আয় ভাগাভাগির কোনো কাঠামো এখনো ঘোষণা করেনি ওপেনএআই। প্রতিষ্ঠানটির বর্তমান উদ্যোগ মূলত চ্যাটজিপিটিকে অ্যাপ আবিষ্কার, ব্যবহার ও বিতরণের একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাকে ঘিরে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন