পিক্সেল ১১-এর ক্যামেরায় নতুন চমক গুগলের

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১৪:৩৩

পিক্সেল ১১-এর ক্যামেরায় নতুন চমক গুগলের
ছবি: দ্য ভার্জ ও পিসিম্যাগ

নতুন পিক্সেল ১১ সিরিজের জন্য বিশেষ একটি ক্যামেরা সুবিধা উন্মোচন করেছে গুগল। ‘ক্যামেরা লুকস’ নামের এই ফিচার আপাতত শুধু পিক্সেল ১১ সিরিজের ফোনেই ব্যবহার করা যাবে। ফলে পুরোনো পিক্সেল স্মার্টফোনের ব্যবহারকারীরা অন্তত এখনই নতুন সুবিধাটি পাচ্ছেন না।

গুগলের ভাষ্য অনুযায়ী, ‘ক্যামেরা লুকস’ সাধারণ ফিল্টার বা এডিটিং টুল নয়। এটি ছবি তোলার সময় ক্যামেরা সেন্সরে আসা তথ্য ভিন্নভাবে প্রক্রিয়াজাত করে। ফলে ছবিতে প্রচলিত স্মার্টফোন ক্যামেরার অতিরিক্ত সফটওয়্যার প্রসেসিংয়ের ছাপ কম দেখা যায় এবং আরও স্বাভাবিক ও আলাদা ধরনের ভিজ্যুয়াল ফল পাওয়া যায়।

নতুন ফিচারটির সবচেয়ে আলোচিত দিক হলো এর বিভিন্ন ফটো স্টাইল। এর মধ্যে ‘ডিজি’ নামের একটি স্টাইল পুরোনো ডিজিটাল ক্যামেরায় তোলা ছবির মতো আবহ তৈরি করতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ডিজিটাল ক্যামেরার ছবি নিয়ে যে নস্টালজিক প্রবণতা তৈরি হয়েছে, সেটিকে লক্ষ্য করেই গুগল এই সুবিধা এনেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ক্যামেরা লুকস’ পিক্সেল ১১ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় নতুন ফিচারগুলোর একটি। নতুন এই প্রযুক্তি ছবির রঙ, আলো ও টোনকে এমনভাবে নিয়ন্ত্রণ করে, যাতে ছবিগুলো আরও স্বতন্ত্র বৈশিষ্ট্য সমৃদ্ধ হয়

তবে গুগল নিশ্চিত করেছে, আপাতত এই সুবিধা শুধু পিক্সেল ১১, পিক্সেল ১১ প্রো, পিক্সেল ১১ প্রো এক্সএল এবং পিক্সেল ১১ প্রো ফোল্ড মডেলের জন্যই সংরক্ষিত থাকবে।

দ্য ভার্জকে দেওয়া এক বক্তব্যে গুগলের মুখপাত্র অ্যালেক্স মরিকোনি বলেন, প্রতিষ্ঠানের সর্বশেষ ক্যামেরা আপডেটগুলো নতুন ডিভাইসগুলোর জন্য উন্মুক্ত করা হয়েছে। ভবিষ্যতে আরও ব্যবহারকারীর কাছে এসব সুবিধা পৌঁছে দেওয়ার বিষয়টি বিবেচনায় থাকলেও এ মুহূর্তে এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই।

তবে গুগলের এই বক্তব্যে ভবিষ্যতে পুরোনো পিক্সেল ফোনে ‘ক্যামেরা লুকস’ যুক্ত হওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়নি। যদিও কবে বা আদৌ এই সুবিধা পুরোনো ডিভাইসে আসবে, সে বিষয়ে প্রতিষ্ঠানটি কিছু জানায়নি।

বিশ্লেষকদের মতে, স্মার্টফোন নির্মাতারা এখন শুধু ক্যামেরার হার্ডওয়্যার উন্নয়নের দিকে নয়, বরং ছবির ধরন ও অভিজ্ঞতা বদলে দেওয়ার মতো সফটওয়্যারভিত্তিক প্রযুক্তির দিকেও বেশি গুরুত্ব দিচ্ছে। গুগলের ‘ক্যামেরা লুকস’ সেই প্রবণতারই নতুন উদাহরণ।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন