ঈদে নতুন ফোন কিনবেন? ছাড়ের সঙ্গে থাকছে বাড়তি সুবিধা
ঈদুল আজহা উপলক্ষে দেশের স্মার্টফোন বাজার জমে উঠেছে অফারের প্রতিযোগিতায়। বিভিন্ন ব্র্যান্ড মূল্যছাড়, সহজ কিস্তি, উপহার ও লাকি ড্রসহ নানা সুবিধা ঘোষণা করেছে। এতে উৎসবের কেনাকাটায় প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ বাড়ছে।
উৎসবকেন্দ্রিক সময়ে স্মার্টফোন বিক্রি সাধারণত বেড়ে যায়। সেই সুযোগ কাজে লাগাতে শাওমি, অপো, ভিভো ও টেকনো ভিন্ন ভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছে।
শাওমির ‘ঈদ উইথ শাওমি’
দেশে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু করেছে শাওমি, যা ২ মে থেকে শুরু হয়ে চলবে ঈদের দিন পর্যন্ত। এই অফারে রেডমি নোট ১৫ প্রো+ মডেলে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় অথবা ১২ মাস পর্যন্ত শূন্য শতাংশ সুদে কিস্তি সুবিধা পাওয়া যাচ্ছে।
এ ছাড়া ‘হালাল ফ্লেক্স’ সুবিধায় ৩ হাজার টাকা ডাউন পেমেন্টে রেডমি নোট ১৫ ফাইভজি কেনার সুযোগ রয়েছে। এর সঙ্গে উপহার হিসেবে দেওয়া হচ্ছে রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ। অন্যান্য মডেলেও ২০ শতাংশ ডাউন পেমেন্টে কার্ডবিহীন কিস্তি সুবিধা থাকছে। পাশাপাশি ট্রাভেল ব্যাগ, টি-শার্টসহ বিভিন্ন উপহার এবং ট্যাবলেট কেনায় বিশেষ সুবিধাও দিচ্ছে প্রতিষ্ঠানটি।
অপোর ‘ঈদ হ্যাপিনেস অফার’
ঈদ উপলক্ষে ‘ঈদ হ্যাপিনেস অফার’ চালু করেছে অপো, যা ৩ মে শুরু হয়ে ঈদের দিন রাত পর্যন্ত চলবে। এই অফারের আওতায় অপো এ৬এক্স, অপো এ৬কে, অপো রেনো১৫ ফাইভজি সিরিজ, অপো এ৬ ও অপো এ৬এস প্রো মডেলে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া হচ্ছে।
এ ছাড়া নির্দিষ্ট কিছু মডেলের সঙ্গে ও’প্যাড ডিভাইস, ওয়্যারলেস ইয়ারবাড, ব্যাকপ্যাক, টি-শার্ট ও ক্যাপ উপহার থাকছে। কিছু ক্ষেত্রে ২০ শতাংশ ডাউন পেমেন্ট সুবিধাও পাওয়া যাচ্ছে।
ভিভোর লাকি ড্র ক্যাম্পেইন
‘ঈদের সেরা ডিল, ভিভো-তে ফুল ফিল!’ শিরোনামে ২৩ দিনব্যাপী ক্যাম্পেইন চালাচ্ছে ভিভো। ৬ মে শুরু হওয়া এই অফার চলবে ২৮ মে পর্যন্ত। ইতোমধ্যে প্রথম ধাপে ২ হাজার ৫০০-এর বেশি বিজয়ী নির্বাচন করা হয়েছে।
এই ক্যাম্পেইনে গ্র্যান্ড প্রাইজ হিসেবে রয়েছে পোর্টেবল পাওয়ার স্টেশন। পাশাপাশি ডিপ ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, স্মার্টওয়াচ, পাওয়ার ব্যাংক ও দুই বছরের ওয়ারেন্টি সুবিধা থাকছে। নির্দিষ্ট কিছু মডেলের ক্রেতারা লাকি ড্র-তে অংশ নিতে পারবেন এবং ওয়াই৩১ডি কিনলে নিশ্চিতভাবে স্মার্টওয়াচ পাওয়া যাচ্ছে।
গ্রামীণফোনের সঙ্গে যৌথ অফারে কিছু মডেলের সঙ্গে ফ্রি ইন্টারনেট ও বিশেষ ডেটা প্যাক সুবিধাও দিচ্ছে ভিভো।
টেকনোর ‘মেগা গিফট গিভঅ্যাওয়ে’
ঈদুল আজহা উপলক্ষে ‘মেগা গিফট গিভঅ্যাওয়ে’ ক্যাম্পেইন চালু করেছে টেকনো, যা ১ মে থেকে শুরু হয়ে ঈদ পর্যন্ত চলবে। এই অফারের আওতায় ক্যামন ও পোভা সিরিজের নির্দিষ্ট স্মার্টফোন কিনে ক্রেতারা ইলেকট্রিক বাইক, ল্যাপটপ, এআইওটি ডিভাইস এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ পাচ্ছেন।
সম্প্রতি রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাগশিপ স্টোরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। সেখানে ক্যামন ৫০ আলট্রা কিনে এক ক্রেতা ইলেকট্রিক বাইক জিতেছেন এবং জয়পুরহাটের আরেকজন ক্রেতা পেয়েছেন ল্যাপটপ। এ ছাড়া আরও অনেক ক্রেতা টেকনো বাডস, ব্যাকপ্যাকসহ বিভিন্ন ডিভাইস পেয়েছেন।
বিশ্লেষকেরা বলছেন, এ ধরনের উৎসবকেন্দ্রিক অফার ক্রেতাদের নতুন স্মার্টফোন কেনার আগ্রহ বাড়ায়। বিশেষ করে কিস্তি সুবিধা, ক্যাশব্যাক ও উপহার মধ্যবিত্তদের জন্য সিদ্ধান্ত নেওয়াকে আরও সহজ করে তোলে।