আবারও অনিশ্চয়তায় ই-ক্যাব নির্বাচন
আজ (২১ মে) বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক নতুন সিদ্ধান্তে আবারও অনিশ্চয়তায় পড়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর নির্বাচন। ২০২৬-২০২৭ মেয়াদের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে করা আগের অফিস আদেশ বাতিল হওয়ায় পুরো নির্বাচন প্রক্রিয়াই নতুন করে অনিশ্চয়তায় পড়েছে। আইনি জটিলতা ও উচ্চ আদালতের নির্দেশনার প্রেক্ষাপটেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড সাপোর্ট মেজার্স উইং থেকে জারি করা অফিস আদেশে জানানো হয়, গত ১৮ মে ২০২৬ তারিখে ৫৭ নম্বর স্মারকে ই-ক্যাবের নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠনের যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।
মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ই-ক্যাবের প্রশাসক ড. সাইফ উদ্দিন আহাম্মদের স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, উচ্চ আদালতে দায়েরকৃত রিট পিটিশন নং-১১৬০০/২০২৫-এ বর্ণিত রেসপন্ডেন্ট নং-৩ এর ওপর অর্পিত ক্ষমতা এবং বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ধারা ১৮ (১) (খ) অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন বোর্ড গঠন করা হলেও আইনি জটিলতার কারণে তা কার্যকর রাখা সম্ভব হয়নি। ফলে এখন ই-ক্যাবের নির্বাচন নতুন নির্দেশনার অপেক্ষায় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে অফিস আদেশটির অনুলিপি বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ধানমন্ডিস্থ ই-ক্যাব কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।