বাজেট ২০২৬-২৭
তথ্যপ্রযুক্তি খাতে নীতি সংস্কার ও সম্ভাবনার বিস্তৃত রূপরেখা
জাতীয় বাজেট ২০২৬-২৭ সামনে রেখে দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে এক বিস্তৃত গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ‘টেকওয়ার্ল্ড’-এর উদ্যোগে গুলশানের কার্যালয়ে আয়োজিত এ আলোচনায় ই-কমার্স, আইটি, টেলিকম, বিপিও, ইন্টারনেট সেবা, ফ্রিল্যান্সিং ও নীতিনির্ধারণসহ পুরো ডিজিটাল ইকোসিস্টেমের বাস্তব চ্যালেঞ্জ ও প্রত্যাশার চিত্র উঠে আসে।
অনুষ্ঠানে বক্তারা একদিকে করনীতি, ভ্যাট ও বিনিয়োগ কাঠামোর সমালোচনা করেন, অন্যদিকে দক্ষতা উন্নয়ন, গবেষণা ও সমন্বিত নীতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
বাজেট ঘিরে দীর্ঘমেয়াদি প্রত্যাশা ও করনীতি
বাজেটকে ঘিরে প্রতি বছর একই ধরনের প্রত্যাশা তৈরি হলেও তার বাস্তবায়ন অত্যন্ত সীমিত বলে মন্তব্য করেন অংশীজনেরা।
ট্যাক্স হলিডে ও ভ্যাট:
বেসিস-এর সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর জানান, আইটি ও আইটিইএস খাতে ট্যাক্স হলিডে বারবার স্বল্পমেয়াদে বাড়ানো হচ্ছে, যা বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি করে। এছাড়া অনলাইন লেনদেনে ১৫ শতাংশ ভ্যাট ই-কমার্সের জন্য বড় বাধা। ইন্টারনেটকে সব খাতের কাঁচামাল হিসেবে বিবেচনা করে কর কমানোর আহ্বান জানান তিনি।

কর কাঠামো সংস্কার: রিসার্চ অ্যান্ড পলিসি ডায়ালগের অতিরিক্ত পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেন, কর জিডিপি অনুপাত ৭ শতাংশের নিচে থাকা অর্থনীতির জন্য টেকসই নয়। তিনি করের হার বাড়ানোর পরিবর্তে কর নেট সম্প্রসারণ ও এনবিআরের নীতিনির্ধারণ এবং রাজস্ব সংগ্রহ কার্যক্রম আলাদা করার প্রস্তাব দেন।
বিপিও খাতে কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়ন
দেশের নতুন গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের অন্যতম বড় খাত হিসেবে বিপিও-কে চিহ্নিত করা হয়।
ট্রান্সফারেবল স্কিল : বাক্কো-এর অর্থ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক বলেন, তরুণরা বিপিও খাত থেকে ট্রান্সফারেবল স্কিল বা হস্তান্তরযোগ্য দক্ষতা অর্জন করছে, যা পরবর্তীতে উচ্চ বেতনের চাকরিতে সহায়তা করে।
নীতি সহায়তা: আইটিইএস খাতে ট্যাক্স সুবিধা আরও অন্তত ১০ বছর বাড়ানোর দাবি জানিয়ে তিনি একাডেমি ও শিল্পের সমন্বয়ে ‘ট্রেন দ্য ট্রেইনার’ মডেল চালুর প্রস্তাব দেন।
প্রযুক্তি ও পলিসি সাংবাদিকতায় টেকওয়ার্ল্ডের ভিশন
তথ্যপ্রযুক্তি খাতের এই বহুমুখী সংকট ও নীতিগত আলোচনাকে পাঠকের সামনে তুলে ধরার বিষয়ে টেকওয়ার্ল্ড বাংলাদেশের ম্যানেজিং এডিটর মুন এম. রাজিব বলেন, ‘আমরা টেকওয়ার্ল্ডকে একটি নির্ভরযোগ্য টেক ম্যাগাজিন ও অনলাইন পোর্টাল হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। একইসঙ্গে প্রযুক্তি ও পলিসি বা নীতিমালার ওপর ফোকাস করে একটি পূর্ণাঙ্গ '৩৬০ ডিগ্রি নিউজ কাভারেজ' নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।’
ই-কমার্স, ইন্টারনেট ও লজিস্টিক খাতের সংকট
ডিজিটাল সেবার বিকাশে শক্তিশালী অবকাঠামো এবং যৌক্তিক কর ব্যবস্থার বিকল্প নেই বলে মত দেন বক্তারা।
ই-কমার্স ও স্বাস্থ্যসেবা: সম্ভব হেলথ-এর সিইও আজরা সেলিম বলেন, মূলধনের উচ্চ ব্যয়, অতিরিক্ত কর এবং বৈদেশিক পেমেন্ট জটিলতায় ই-কমার্স খাত চাপে রয়েছে। ই-ক্যাব-এর অ্যাসোসিয়েট কমিটির সদস্য জান্নাতুল হক শাপলা জামানতবিহীন ঋণ ও লজিস্টিক সমস্যার কথা তুলে ধরে একটি গবেষণা ও উন্নয়ন তহবিল গঠনের প্রস্তাব দেন।
ইন্টারনেট সেবা: আইএসপিএবি-এর অর্থ সম্পাদক মঈন উদ্দিন আহম্মেদ জানান, ইন্টারনেটকে ইউটিলিটি ঘোষণা করা হলেও বাস্তব নীতিতে তার প্রতিফলন নেই। তিনি ফাইবার আমদানিতে কর এবং একাধিক স্তরে ভ্যাট কমানোর দাবি জানান।

টেলিকম ও হার্ডওয়্যার: বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান মোবাইল রিচার্জে প্রায় ৩৪ শতাংশ করের বিষয়টি তুলে ধরে একে অত্যধিক বলে মন্তব্য করেন। অন্যদিকে, বিসিএস-এর সাবেক সভাপতি শহীদ উল মুনির ল্যাপটপ ও ডেস্কটপে উচ্চ করের কারণে অবৈধ বাজার বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেন।
নীতি কাঠামোর সংকট ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা
বক্তারা নীতিনির্ধারণে সমন্বয়হীনতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবকে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেন।
ঋণনির্ভর অর্থনীতির ঝুঁকি:
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম রোকনুজ্জামান সতর্ক করে বলেন, আন্তর্জাতিক ঋণ কাঠামোর প্রভাব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে। তিনি দেশীয় বাস্তবতার ভিত্তিতে নিজস্ব উন্নয়ন মডেল তৈরি এবং অন্ধভাবে কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিংয়ে বিনিয়োগ না করার পরামর্শ দেন।

পরিকল্পনার ঘাটতি: স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়ামের সিইও ফোরকান বিন কাশেম বলেন, বাজেটকে দীর্ঘমেয়াদি উন্নয়নের হাতিয়ার হিসেবে না দেখে কেবল বার্ষিক ইভেন্ট হিসেবে দেখা হয়। তিনি বিশ্ববিদ্যালয় ও শিল্পের মধ্যে সংযোগ স্থাপনের ওপর জোর দেন।
স্থানীয় শিল্পের সুরক্ষা: বেসিস এর সাবেক সভাপতি ও টেকনোহ্যাভেন-এর সিইও হাবিবুল্লাহ এন করিম আইটি সেবায় উদ্ভাবনী করনীতি এবং দেশীয় শিল্প বিকাশে স্থানীয় প্রেফারেন্স বা অগ্রাধিকার দেওয়ার দাবি জানান।
ফ্রিল্যান্সিংয়ে জটিলতা ও প্রণোদনা
এমরাজিনা টেকনোলজিস-এর কো-ফাউন্ডার মিসেস এমরাজিনা ইসলাম বলেন, ঘোষিত ৪ শতাংশ প্রণোদনা এখনো ফ্রিল্যান্সারদের হাতে পৌঁছাচ্ছে না। ফলে অনেকেই অনানুষ্ঠানিক পথে অর্থ আনছেন। তিনি ট্রেড লাইসেন্স সহজীকরণ ও আন্তর্জাতিক পেমেন্টের সীমাবদ্ধতা দূর করার প্রস্তাব দেন।
টিএমজিবি-এর সভাপতি মোহাম্মদ কাউছার উদ্দিন বাজেটের আগে ও পরে অংশীজনদের মতামত বাস্তবায়নের ঘাটতির কথা তুলে ধরেন। গোলটেবিল বৈঠকের শেষাংশে সৈয়দ আলমাস কবীর স্কিল ডেভেলপমেন্ট পরিকল্পনায় এআই ও ব্লকচেইনের মতো আধুনিক প্রযুক্তির অনুপস্থিতিকে বড় দুর্বলতা হিসেবে উল্লেখ করেন।
সবশেষে বক্তারা একমত হন যে, তথ্যপ্রযুক্তি খাতের বিশাল সম্ভাবনা কাজে লাগাতে একটি দীর্ঘমেয়াদি, তথ্যভিত্তিক ও সমন্বিত জাতীয় ডিজিটাল নীতি প্রণয়ন করা এখন সময়ের দাবি।