জনপ্রিয় সিনেমার টরেন্ট ফাইলের ছদ্মবেশে ম্যালওয়্যার ছড়াচ্ছে হ্যাকাররা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৫:২৭

জনপ্রিয় সিনেমার টরেন্ট ফাইলের ছদ্মবেশে ম্যালওয়্যার ছড়াচ্ছে হ্যাকাররা
ছবি: সংগৃহীত

জনপ্রিয় সিনেমার টরেন্ট ফাইলের ছদ্মবেশে নতুন ম্যালওয়্যার ছড়িয়ে সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা। ক্যাসপারস্কির গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম (জিআরইএটি) সম্প্রতি এই বহুধাপের সাইবার হামলার সন্ধান পেয়েছে। গত আগস্টের মাঝামাঝি সময় থেকে সক্রিয় এই হামলার লক্ষ্যবস্তু ব্যক্তি ও বিভিন্ন খাতের প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে করপোরেট, সরকারি, তথ্যপ্রযুক্তি, পরামর্শক, খুচরা ব্যবসা, পরিবহন ও কৃষি খাত। দ্য ওডিসিসহ জনপ্রিয় সিনেমার নামে টরেন্ট ট্র্যাকারগুলোতে ম্যালওয়্যারটি ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ ছাড়া, একটি জনপ্রিয় উন্মুক্ত টরেন্ট আর্কাইভও হ্যাক করে ম্যালওয়্যার সরবরাহের কাজে ব্যবহার করা হয়েছে।

ম্যালওয়্যারটি এমন একটি উন্নত লোডার ব্যবহার করে, যা নিরাপত্তা বিশ্লেষণের জন্য ব্যবহৃত অ্যান্টিভাইরাস স্যান্ডবক্স শনাক্ত করতে পারে। ফলে এটি বিশ্লেষণ ও শনাক্তকরণ এড়িয়ে যেতে সক্ষম হয়। একবার চালু হলে ম্যালওয়্যারটির অতিরিক্ত মডিউলগুলো কম্পিউটার পুনরায় চালু হওয়ার পরও সক্রিয় থাকে। পাশাপাশি, উইন্ডোস-এর ইউজার অ্যাকাউন্ট কনট্রোল (ইউএসি) ব্যবস্থার নিরাপত্তা সতর্কতা এড়িয়ে প্রশাসনিক অনুমতি পাওয়ার সুযোগ তৈরি করে। এর ফলে হামলাকারীরা আক্রান্ত ডিভাইসে দূর থেকে প্রবেশ ও নিয়ন্ত্রণ করতে পারে।

ম্যালওয়্যারটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল (C2) সার্ভারের ঠিকানা সংগ্রহে সোলানা ব্লকচেইনও ব্যবহার করে। এতে হামলার নিয়ন্ত্রণব্যবস্থা বন্ধ বা অকার্যকর করা আরও কঠিন হয়ে পড়ে।

ক্যাসপারস্কির জিআরইএটি-এর নিরাপত্তা বিশেষজ্ঞ কনস্ট্যান্টিন ইসাকভ বলেন, “এই হামলার বিশেষ দিক হলো, সাধারণ একটি প্রলোভনের সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার। জনপ্রিয় সিনেমার টরেন্ট ফাইলের ছদ্মবেশে ম্যালওয়্যার ছড়িয়ে হামলাকারীরা ব্যবহারকারীদের অজান্তে ফাইলটি ডাউনলোড করার সম্ভাবনা বাড়াচ্ছে। ফাইলটি চালু হওয়ার পর ম্যালওয়্যারটি কয়েকটি ধাপে নিরাপত্তাব্যবস্থার নজর এড়িয়ে যায়, ডিভাইসে নিজের অবস্থান স্থায়ী করে এবং হামলাকারীদের দূর থেকে সেটি নিয়ন্ত্রণের সুযোগ দেয়। তাই অনানুষ্ঠানিক উৎস থেকে ফাইল ডাউনলোডের ক্ষেত্রে ব্যবহারকারীদের বিশেষ সতর্ক থাকা উচিত। বিনোদনের জন্য ডাউনলোড করা আপাতদৃষ্টিতে নিরীহ কোনো ফাইলও সাইবার হামলার মাধ্যম হতে পারে।” 

ক্যাসপারস্কির নিরাপত্তা সলিউশনগুলো এই ম্যালওয়্যার শনাক্ত করতে পারে। নিরাপদ থাকতে প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের বিশ্বস্ত উৎস থেকে সফটওয়্যার ডাউনলোড, নির্ভরযোগ্য নিরাপত্তা সলিউশন ব্যবহার এবং অ্যান্টিভাইরাস সুরক্ষা কখনো বন্ধ না করার পরামর্শ দিয়েছে।

প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে তৃতীয় পক্ষের সফটওয়্যার ব্যবহারে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন এবং ইপিপি, ইডিআর ও এক্সডিআর সলিউশন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, সাইবার হুমকি শনাক্ত ও নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা মোকাবিলায় থ্রেট ইন্টেলিজেন্স এবং ম্যানেজড সিকিউরিটি সার্ভিস কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছে ক্যাসপারস্কি।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন