নির্দিষ্ট এলাকায় চালানোর শর্তে মিলবে টেসলার সাইবারক্যাব

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৪:৫৬

নির্দিষ্ট এলাকায় চালানোর শর্তে মিলবে টেসলার সাইবারক্যাব

ব্যক্তিগত ব্যবহারের জন্য চালকবিহীন বৈদ্যুতিক গাড়ি সাইবারক্যাবের আগাম অর্ডার নেওয়া শুরু করেছে টেসলা। তবে প্রাথমিক পর্যায়ে নির্দিষ্ট কিছু গ্রাহকই গাড়িটি কেনার সুযোগ পাচ্ছেন। গাড়িটির দাম ২৯ হাজার ৯৯০ মার্কিন ডলার। এটি চালাতে প্রতি মাসে গুনতে হবে আরও ২৯৯ ডলার।

শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে টেসলার রোবোট্যাক্সি বিভাগ জানায়, নির্বাচিত কিছু গ্রাহক ব্যক্তিগত ব্যবহারের জন্য সোনালি রঙের সাইবারক্যাবের আগাম অর্ডার দিতে পারবেন। প্রযুক্তি পর্যালোচক মার্কেস ব্রাউনলির দেওয়া তথ্য অনুযায়ী, আপাতত টেক্সাসের কয়েকটি নির্দিষ্ট শহরে গাড়িটির সরবরাহ নেওয়া যাবে। পাশাপাশি নির্ধারিত ভৌগোলিক সীমার মধ্যেই এটি চালানো সম্ভব হবে। গাড়িটির সম্ভাব্য সরবরাহের সময় ২০২৬ সালের ডিসেম্বর।

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক জানিয়েছেন, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে সাইবারক্যাব ব্যবহারের সুযোগ তৈরি হবে। তবে মাসিক ২৯৯ ডলারের ফি বেশি বলে মন্তব্য করেছেন তিনি। তার মতে, টেসলার অন্যান্য গাড়ির পূর্ণ স্বয়ংক্রিয় চালনা ব্যবস্থা ও সংযোগসেবার জন্য যে খরচ হয়, সাইবারক্যাবের মাসিক ফিও তার কাছাকাছি হওয়া উচিত। এই খরচ মাসে প্রায় ১১৫ ডলার হতে পারে।

টেসলার প্রকৌশলী অশোক এলুসওয়ামি জানিয়েছেন, রোবোট্যাক্সি যেসব নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় চলাচল করতে পারে, সাইবারক্যাবও সেসব এলাকায় চালক ছাড়াই চলবে। তবে ব্যক্তিগত মালিকদের প্রয়োজন অনুযায়ী গাড়িটি সেবা দেবে।

এদিকে প্রত্যাশিত বিক্রি না হওয়ায় আগামী বছর সাইবারট্রাকের উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে টেসলা। ওই গাড়ি তৈরির কারখানার সক্ষমতার একটি অংশ সাইবারক্যাব উৎপাদনে কাজে লাগানোর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। টেকক্রাঞ্চের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন