গ্রক বট ব্যবহারে নতুন সীমা আরোপ করল স্পেসএক্স
ছুটির সময় গ্রক বট ব্যবহারের সাপ্তাহিক সীমা হঠাৎ শেষ হয়ে যাওয়ার অভিযোগ করেন কয়েকজন ব্যবহারকারী। এমনকি কেউ কেউ দাবি করেন, রাতে সেবাটি ব্যবহার না করলেও তাদের ব্যবহারের সীমা ৫০ শতাংশ থেকে বেড়ে ১০০ শতাংশে পৌঁছে যায়। পরে বিষয়টি কোনো কারিগরি ত্রুটি নয় বলে নিশ্চিত করেন স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।
রবিবার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে মাস্ক বলেন, গ্রক বট পরিচালনার খরচ আয়ের তুলনায় ‘টেকসই নয়’। তবে ভবিষ্যতে গ্রাহকদের ব্যবহারের সীমা কীভাবে নির্ধারণ করা হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে প্রকাশ্যে আসা স্পেসএক্সের সাফল্যের অন্যতম উদাহরণ হিসেবে গ্রক বটকে তুলে ধরা হয়েছে। গত মাসে প্রকাশিত এক নথিতে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তাদের মোট আয়ের ৫২ শতাংশ আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত থেকে।
স্পেসএক্সের ‘সুপার ইন্টেলিজেন্স’ নামের বিভাগটি ৪৩ কোটি ১০ লাখ ডলার মুনাফা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে মুনাফা অর্জনের ঘটনা তুলনামূলক বিরল। তবে কার্সর অধিগ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট এককালীন ১২০ কোটি ডলার ব্যয় না থাকলে এই মুনাফার পরিমাণ আরও বেশি হতো।
সম্প্রতি গ্রক বটের দ্রুত জনপ্রিয়তা নিয়েও মন্তব্য করেছিলেন মাস্ক। তার দাবি, জীবনে দেখা কোনো পণ্যের মধ্যে গ্রক বটের প্রবৃদ্ধির গতি সবচেয়ে বেশি।
তবে একদিকে গ্রক বটের ব্যবহার বাড়লেও সেবাটি পরিচালনার খরচ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মাস্ক। গ্রাহকদের ব্যবহারের সীমা ভবিষ্যতে আরও কমানো হবে কি না, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।