উন্নত সাউন্ড ও নতুন ফিচারে অ্যাপলের হোমপড মিনি ২

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৩:১২

উন্নত সাউন্ড ও নতুন ফিচারে অ্যাপলের হোমপড মিনি ২

ছয় বছর পর ছোট আকারের স্মার্ট স্পিকার হোমপড মিনির নতুন সংস্করণ এনেছে অ্যাপল। হোমপড মিনি ২ নামের এই স্পিকারে রয়েছে উন্নত শব্দপ্রযুক্তি, নতুন প্রসেসর ও দ্রুতগতির ওয়্যারলেস সংযোগ। ডিভাইসটির দাম রাখা হয়েছে ১৪৯ মার্কিন ডলার, যা আগের সংস্করণের চেয়ে ৫০ ডলার বেশি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিকি গ্যাজেটসের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন স্পিকারটিতে নকশার বড় পরিবর্তন না থাকলেও হার্ডওয়্যার ও সফটওয়্যারে বেশ কিছু উন্নতি আনা হয়েছে।

দাম ও প্যাকেজিং

নতুন হোমপড মিনি ২-এর দাম ১৪৯ মার্কিন ডলার। আগের সংস্করণের দাম ছিল ৯৯ ডলার। প্যাকেজিং তৈরিতে এবার শতভাগ ফাইবারভিত্তিক উপাদান ব্যবহার করেছে অ্যাপল। আগের সংস্করণে এর পরিমাণ ছিল ৮৯ শতাংশ।

ডিজাইনে সূক্ষ্ম পরিবর্তন

হোমপড মিনি ২-এর গোলাকার ও ছোট আকারের নকশা আগের মতোই রাখা হয়েছে। তবে নতুন সংস্করণটি ১০ গ্রাম হালকা। নিচের অংশে খোদাই করা হয়েছে অ্যাপলের লোগো। রঙের তালিকায় সাদা ও মিডনাইটের পাশাপাশি সবুজ, নীল ও গোলাপি যুক্ত হয়েছে।

ভেতরের যন্ত্রাংশে উন্নতি

নতুন স্পিকারটিতে অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এ ব্যবহৃত এস১০ চিপ যুক্ত করা হয়েছে। আগের সংস্করণের এস৫ চিপের পরিবর্তে নতুন চিপ ব্যবহারের ফলে শব্দ প্রক্রিয়াকরণ ও সামগ্রিক কার্যক্ষমতা উন্নত হয়েছে। এ ছাড়া দ্রুতগতির সংযোগের জন্য রয়েছে ওয়াই-ফাই ৬ই ও ব্লুটুথ ৬ প্রযুক্তি।

শব্দের মান ও কার্যকারিতা

নতুন হোমপড মিনি আগের সংস্করণের তুলনায় কিছুটা জোরালো ও স্পষ্ট শব্দ দিতে পারে। ওয়াই-ফাই ৬ই সমর্থিত ম্যাক কম্পিউটারের ডিফল্ট স্পিকার হিসেবেও এটি ব্যবহার করা যাবে। এতে এয়ারপ্লে ব্যবহারের সময় শব্দ আসতে দেরি হওয়ার সমস্যা কমবে।

আসন্ন অ্যাপল টিভি ৪কে-এর সঙ্গে যুক্ত করলে চারটি স্পিকার ব্যবহার করে চারপাশ থেকে শব্দ শোনার সুবিধা পাওয়া যাবে।

নতুন যেসব সুবিধা থাকছে

নতুন স্পিকারটিতে ‘সাউন্ড গ্লো’ নামের একটি সুবিধা যুক্ত হয়েছে। এর মাধ্যমে গানের অ্যালবামের প্রচ্ছদ বা শব্দের আবহের সঙ্গে মিল রেখে আলোর প্রভাব তৈরি হবে।

এ ছাড়া টাচ নিয়ন্ত্রণ বন্ধ রাখার সুবিধা রয়েছে। ফলে শিশু বা পরিবারের অন্য সদস্যদের অসাবধানতাবশত স্পিকারের নিয়ন্ত্রণে পরিবর্তন আনার ঝুঁকি কমবে।

যুক্ত হবে যেসব সুবিধা

কিছু সুবিধা সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে পরে যুক্ত করবে অ্যাপল। এর মধ্যে রয়েছে সিরিতে এআই সুবিধা এবং অ্যাপল টিভি ৪কে-এর সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে অডিও সমন্বয়ের ব্যবস্থা।

সহজে ব্যবহারের ব্যবস্থা

অ্যাপল ডিভাইসের সঙ্গে দ্রুত সংযুক্ত করা যাবে নতুন স্পিকারটি। এর সব সুবিধা ব্যবহারের জন্য সফটওয়্যার সংস্করণ ২৭.২ হালনাগাদ করতে হবে।

কেনার আগে যেসব বিষয় বিবেচনা করবেন

নতুন মডেলটিতে মাইক্রোফোনের সংখ্যা চারটি থেকে কমিয়ে তিনটি করা হয়েছে। তবে এস১০ চিপের উন্নত প্রযুক্তি মাইক্রোফোনের কার্যক্ষমতা বাড়িয়ে কণ্ঠস্বর শনাক্ত করতে সহায়তা করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নতুন ক্রেতাদের জন্য হোমপড মিনি ২ ভালো বিকল্প হতে পারে। তবে আগের সংস্করণ ব্যবহারকারীদের জন্য উন্নত শব্দ ও নতুন সুবিধাগুলো ৫০ ডলার বেশি খরচ করে নতুন মডেল কেনার মতো যথেষ্ট আকর্ষণীয় কি না, তা বিবেচনার বিষয়।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন