বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩১ অক্টোবর ঢাকার শাহীনবাগের হোটেল এম্পিরিয়ানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে ১৯২ জন ভোটারের মধ্যে ৯৬ জন ভোট দিয়েছেন। ভোট শেষে একই দিন প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।
বাক্কোর সদস্য প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনে আগামী দুই বছরের জন্য সংগঠনটির নেতৃত্ব নির্বাচন করা হয়। নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়।
নির্বাচনে প্রধান পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার। পর্যবেক্ষক হিসেবে ছিলেন বাণিজ্য সংগঠন-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন এবং সহযোগী পর্যবেক্ষক হিসেবে একই শাখার কর্মকর্তা শফিকুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি মো. ওয়ালিয়র রহমান মামুন ও মো. ওয়াসীম, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি মো. এ হালিম, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) প্রতিনিধি জাকারিয়া আহমেদ চৌধুরী, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম এবং টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের সভাপতি মোহাম্মদ কাওসার উদ্দিন।
ঘোষিত প্রাথমিক ফলাফল অনুযায়ী, সভাপতি নির্বাচিত হয়েছেন উইন টেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সল আলিম। সিনিয়র সহসভাপতি হয়েছেন এডিএন ডিজিনেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সোহায়েল রেজা এবং সহসভাপতি হয়েছেন উইজডম ভ্যালি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের। ধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্রোটেকস টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও নাহিদ হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এএসকে টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়মা শওকত। অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিকম কনসালটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতিকুর রহমান।
পরিচালক পদে (জেনারেল মেম্বার ক্যাটাগরি) নির্বাচিত হয়েছেন ভাইজার এক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা জামাল ইউসুফ, ইগনাইট টেক সলুশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা আশিকুর রহমান, টিকন সিস্টেম লিমিটেডের পরিচালক এস এম মসিউর রহমান, ফ্রাইডেসফট লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল সালাম এবং ইনভিক্টা সল্যুশনস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। সংরক্ষিত পরিচালক পদে (অ্যাসোসিয়েট মেম্বার ক্যাটাগরি) নির্বাচিত হয়েছেন আলফা নেটের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. একরামুল হায়দার।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচিত সবাইকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সদস্য ও ভোটারদের মূল্যবান ভোট এবং নির্বাচন পর্যবেক্ষণে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞ।
নির্বাচন-পরবর্তী প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাথমিক ফলাফলের বিষয়ে কোনো আপত্তি বা অভিযোগ থাকলে নির্ধারিত বিধি অনুযায়ী আপিল করার সুযোগ রয়েছে। এ জন্য গঠিত নির্বাচন আপিল বোর্ড প্রাপ্ত আপিল ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। আপিলসংক্রান্ত কার্যক্রম শেষে নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
বাক্কোর কার্যনির্বাহী কমিটি নির্বাচন সংগঠনটির গণতান্ত্রিক চর্চা ও সদস্যদের অংশগ্রহণমূলক নেতৃত্ব নির্বাচনের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। নতুন কমিটি দেশের বিপিও, আইটি ও আইটিইএস শিল্পের বিকাশ, সদস্য প্রতিষ্ঠানগুলোর স্বার্থ সংরক্ষণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।