গ্যালাক্সি ফোনে বন্ধ হচ্ছে স্যামসাংয়ের নিউজ অ্যাপ
গ্যালাক্সি স্মার্টফোন ও ট্যাবলেটে আগে থেকেই যুক্ত সংবাদ পড়ার অ্যাপ ‘স্যামসাং নিউজ’ বন্ধ করার ঘোষণা দিয়েছে স্যামসাং। আগামী ২১ ডিসেম্বর থেকে ভারত ও দক্ষিণ কোরিয়ায় অ্যাপটির কার্যক্রম বন্ধ হবে। একই সঙ্গে অ্যাপটির উইজেটে আর নতুন সংবাদ ও তথ্য হালনাগাদ হবে না।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ফোনঅ্যারেনার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ২৬ অক্টোবর থেকে ভারত ও দক্ষিণ কোরিয়ার ব্যবহারকারীরা অ্যাপের ভেতরে বন্ধের নোটিশ পেতে শুরু করেছেন। তবে কেন সেবাটি বন্ধ করা হচ্ছে, সে বিষয়ে কোনো কারণ জানায়নি স্যামসাং। অন্য দেশেও পর্যায়ক্রমে সেবাটি বন্ধ হতে পারে বলে প্রতিবেদনে ধারণা করা হয়েছে।
স্যামসাং নিউজ অ্যাপের মাধ্যমে গ্যালাক্সি ফোন ও ট্যাবলেট ব্যবহারকারীরা সংবাদ, খেলাধুলা ও শেয়ারবাজারের খবর পড়তে পারতেন। ২০২৩ সালে স্যামসাং ফ্রি নামের পুরোনো সংবাদসেবার বদলে নতুন করে স্যামসাং নিউজ চালু করে প্রতিষ্ঠানটি। স্যামসাং ফ্রি আবার ২০১৯ সালে চালু হয়েছিল স্যামসাং ডেইলির পরিবর্তে।

অ্যাপটি বন্ধ হওয়ার পর ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, প্রোফাইল ও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী সাজানো সেটিংস মুছে ফেলবে স্যামসাং। তবে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী কোনো তথ্য সংরক্ষণ বাধ্যতামূলক হলে তা নির্ধারিত সময় পর্যন্ত রাখা হবে।
ফোনঅ্যারেনার প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ফোনে গুগল ডিসকভার ব্যবহারের প্রবণতা বাড়ায় স্যামসাং নিউজের প্রয়োজনীয়তা কমে আসতে পারে। গ্যালাক্সি ফোনে সংবাদ পড়ার জন্য গুগল ডিসকভারকে আরও গুরুত্ব দেওয়ার বিষয়টিও বিবেচনায় থাকতে পারে। তবে এ বিষয়ে স্যামসাং আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।