অপেরার ব্রাউজারেই চলবে গুগল ও অ্যাপলের এআই মডেল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৮:১৫

অপেরার ব্রাউজারেই চলবে গুগল ও অ্যাপলের এআই মডেল

অপেরা ব্রাউজারেই সরাসরি গুগল ও অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মডেল ব্যবহারের সুবিধা চালু হয়েছে। এতে কম্পিউটারেই এআইয়ের বিভিন্ন কাজ করা যাবে। ফলে তথ্য প্রক্রিয়াকরণের জন্য ক্লাউডভিত্তিক এআই সেবার ওপর নির্ভরতা ও খরচ কমতে পারে।

কম্পিউটারওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, অপেরা ওয়ান ব্রাউজারে পরীক্ষামূলকভাবে ওয়েবএআই প্রযুক্তি চালু করেছে। এর মাধ্যমে ওয়েবসাইট ও ব্রাউজার এক্সটেনশন কম্পিউটারে চলা এআই মডেল ব্যবহার করে লেখা তৈরি ও কনটেন্ট শ্রেণিবদ্ধ করতে পারবে।

প্রাথমিকভাবে ৬৪-বিট উইন্ডোজচালিত ইন্টেল ও এএমডি প্রসেসরের কম্পিউটার এবং অ্যাপল সিলিকন চিপযুক্ত ম্যাকে এ সুবিধা পাওয়া যাবে। তবে উইন্ডোজ অন আর্মচালিত কম্পিউটারে এটি এখনো সমর্থিত নয়। ব্যবহারকারী সুবিধাটি চালু করলেই কেবল এআই মডেল ডাউনলোড হবে। পাশাপাশি কোন ওয়েবসাইট এআই মডেল ব্যবহার করতে পারবে, তা অনুমতির মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে।

অপেরা জানিয়েছে, সমর্থিত ম্যাকে গুগলের জেমা ও অ্যাপলের ডিভাইসভিত্তিক এআই মডেল ব্যবহার করা যাবে। ভবিষ্যতে বিভিন্ন যন্ত্রের উপযোগী আরও মডেল যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, কম্পিউটারেই এআই চালানোর সুবিধা ক্লাউড সেবার ব্যবহার ও খরচ কমাতে পারে। তবে এতে নিরাপত্তাঝুঁকি পুরোপুরি দূর হবে না। ক্ষতিকর ওয়েবসাইট গোপন নির্দেশনার মাধ্যমে এআই মডেলকে প্রভাবিত করতে পারে। অনিরাপদ ব্রাউজার এক্সটেনশন ব্যবহারকারীর পর্দায় থাকা সংবেদনশীল তথ্যেও প্রবেশ করতে পারে। তাই প্রতিষ্ঠানগুলোকে ওয়েবসাইট ও এক্সটেনশনের অনুমতি নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন