জেমিনি এআই ও ভার্চ্যুয়াল ডিসপ্লে সুবিধার নতুন স্মার্ট চশমা
জেমিনি এআই সহকারী ও ভার্চ্যুয়াল ডিসপ্লে সুবিধাসহ নতুন স্মার্ট চশমা ‘অরা’ উন্মোচন করেছে এক্সরিয়াল। গুগলের অ্যান্ড্রয়েড এক্সআর ও কোয়ালকমের স্ন্যাপড্রাগন রিয়েলিটি এলিট প্ল্যাটফর্মে চলবে চশমাটি। এর প্রাথমিক দাম ১ হাজার ৯৯ মার্কিন ডলার।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ডেভেলপার সামিটে চশমাটি উন্মোচন করেছে এক্সরিয়াল। যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও দক্ষিণ কোরিয়ায় এর অগ্রিম ফরমাশ নেওয়া শুরু হয়েছে। নভেম্বরের মাঝামাঝি সরবরাহ শুরু হওয়ার কথা।
চশমাটিতে সনির মাইক্রো-ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজল্যুশন ১২০০পি, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং দৃষ্টিসীমা ৯৫ ডিগ্রি। ওজন ৯৫ গ্রাম। প্রসেসিংয়ের জন্য চশমাটি তারের মাধ্যমে আলাদা একটি যন্ত্রের সঙ্গে যুক্ত করতে হয়, যা ব্যবহারকারীকে সঙ্গে বহন করতে হবে।
গুগল প্লে স্টোরের বিভিন্ন অ্যাপ ও গেমের পাশাপাশি এতে এনবিএ অ্যাপ ও ন্যাসকার এক্সআর অ্যাপের মতো বিশেষ এক্সআর অভিজ্ঞতা পাওয়া যাবে। ইউএসবি-সি সংযোগের মাধ্যমে কম্পিউটার বা হাতে বহনযোগ্য গেমিং কনসোল যুক্ত করে বড় ভার্চ্যুয়াল ডিসপ্লে হিসেবেও ব্যবহার করা যাবে চশমাটি। ভিডিও দেখা ও গান শোনার জন্য এতে বোসের অডিও প্রযুক্তি রয়েছে।
অ্যান্ড্রয়েড এক্সআরের সঙ্গে যুক্ত জেমিনি এআই প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ডিসপ্লেতে দেখা বিষয়বস্তু বুঝতেও সহায়তা করবে।
চশমাটির ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ১ হাজার ২৭৯ মার্কিন ডলার। তবে ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক অফারে এটি ১ হাজার ৯৯ ডলারে পাওয়া যাবে। ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের দাম ১ হাজার ৪৯৯ ডলার, যা প্রাথমিক অফারে ১ হাজার ২৯৯ ডলার।