এআইয়ে বিনিয়োগের চাপ সামলাতে ৬০ হাজার কর্মী ছাঁটাই করতে চায় মাইক্রোসফট
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোয় বিপুল বিনিয়োগের ব্যয় সামলাতে প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে মাইক্রোসফট। যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত ও যুক্তরাজ্যের নির্দিষ্ট পর্যায়ের কর্মীরা এ সুযোগ পাবেন। প্রতিষ্ঠানটির মোট ২ লাখ ২৩ হাজার কর্মীর প্রায় ২৭ শতাংশ এ কর্মসূচির আওতায় রয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের অভ্যন্তরীণ বিষয়ে অবগত এক ব্যক্তির বরাতে এ তথ্য জানা গেছে। কর্মীদের ডিসেম্বরের শুরুতে সিদ্ধান্ত জানাতে হবে। যারা প্রস্তাব গ্রহণ করবেন, তাদের ৩১ ডিসেম্বর চাকরি ছাড়তে হবে।
এআই সেবার চাহিদা মেটাতে তথ্যকেন্দ্র সম্প্রসারণে ব্যয় বাড়াচ্ছে মাইক্রোসফট। অ্যানথ্রপিক, ওপেনএআইসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাউড সেবা দিতে কম্পিউটিং সক্ষমতা বাড়াচ্ছে তারা। গত জুলাইয়ে মাইক্রোসফট জানিয়েছিল, চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিকে মূলধনি ব্যয় ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। এক বছর আগে একই সময়ে মূলধনি ব্যয় ও অর্থায়নভিত্তিক ইজারা মিলিয়ে এ অঙ্ক ছিল ৩৪ দশমিক ৯ বিলিয়ন ডলার।
ব্যয় সামলাতে গত এপ্রিলেও প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নির্দিষ্টসংখ্যক কর্মীর জন্য স্বেচ্ছা অবসর কর্মসূচি চালু করেছিল প্রতিষ্ঠানটি। সে সময় দেশটির প্রায় ৭ শতাংশ কর্মী এ সুবিধার যোগ্য ছিলেন। পরে জুলাইয়ে ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানায় মাইক্রোসফট।
মাইক্রোসফটের প্রধান মানবসম্পদ কর্মকর্তা অ্যামি কোলম্যান কর্মীদের পাঠানো এক বার্তায় বলেন, নতুন স্বেচ্ছা প্রস্থান কর্মসূচির মাধ্যমে কর্মীদের জন্য আরও নমনীয়তা তৈরি করা এবং নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বাড়ানো হচ্ছে। বছরের শুরুর দিকে চালু করা স্বেচ্ছা অবসর কর্মসূচি থেকে পাওয়া অভিজ্ঞতাও এতে কাজে লাগানো হচ্ছে।
এদিকে মাইক্রোসফট গ্রাহকেরা কতটা এআই ব্যবহার করছেন, তার ভিত্তিতে সেবার মূল্য নির্ধারণের দিকে এগোচ্ছে। পাশাপাশি প্রোগ্রামার, বিক্রয়কর্মী ও সরবরাহব্যবস্থাপনার কর্মীদের এআইভিত্তিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি।
এআইয়ে বিনিয়োগের পাশাপাশি আর্থিক সক্ষমতা ধরে রাখাও মাইক্রোসফটের লক্ষ্য। সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইতিবাচক নিট নগদ প্রবাহ ছিল ১৯ দশমিক ৬৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ কম।
প্রতিবেদনে বলা হয়েছে, বিপণন, বিক্রয় ও প্রকৌশল বিভাগের কিছু দল নতুন স্বেচ্ছা প্রস্থান কর্মসূচিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। আগের স্বেচ্ছা অবসর কর্মসূচিতে যোগ্য কর্মীদের ৩০ শতাংশের বেশি অংশ নিয়েছিলেন। তবে নতুন কর্মসূচিতে কতজন অংশ নেবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করেনি মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি বুধবার তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করার কথা রয়েছে।