এনভিডিয়ার চিপ ইজারা নিতে অ্যাপোলোর সঙ্গে স্পেসএক্সের চুক্তি

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৪

এনভিডিয়ার চিপ ইজারা নিতে অ্যাপোলোর সঙ্গে স্পেসএক্সের চুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো সম্প্রসারণে প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন চুক্তি করেছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। চুক্তির আওতায় অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের পরিচালিত একটি প্রতিষ্ঠান এনভিডিয়ার এআই চিপ ও সার্ভার সরঞ্জাম কিনে স্পেসএক্সকে ইজারা দেবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিটি ২০২৬ সালের শেষ নাগাদ সম্পন্ন হওয়ার কথা। সরঞ্জাম সরবরাহ শুরু হলে ২০২৭ সালের প্রথমার্ধে ইজারা কার্যকর হবে। প্রতিটি দফায় সরঞ্জাম সরবরাহের পর ইজারার মেয়াদ হবে প্রায় পাঁচ থেকে পাঁচ বছর তিন মাস। স্পেসএক্সের দাবি, এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় জিপিইউ অর্থায়ন চুক্তি।

স্পেসএক্সের প্রধান অর্থ কর্মকর্তা ব্রেট জনসেন বলেছেন, এ চুক্তি অর্থায়নের উৎস বাড়াবে এবং প্রতিষ্ঠানের সম্প্রসারণ পরিকল্পনার জন্য প্রয়োজনীয় অর্থের বড় একটি অংশ জোগাবে। তার ভাষ্য অনুযায়ী, এআই অবকাঠামোয় বিনিয়োগ থেকে এক বছরেরও কম সময়ে অর্থ ফেরত পাওয়ার সুযোগ রয়েছে। এসব অবকাঠামো গ্রোক চ্যাটবট ও স্পেসএক্সের ক্লাউড সেবা পরিচালনায় কাজে লাগবে।

অ্যাপোলো জানিয়েছে, এ অর্থায়নের মাধ্যমে স্পেসএক্সের স্থলভিত্তিক কম্পিউটিং অবকাঠামো সম্প্রসারণে এনভিডিয়ার পরবর্তী প্রজন্মের ভেরা রুবিন চিপ সরবরাহে সহায়তা করা হবে।

এআই ব্যবসায় বাড়ছে আয় ও ব্যয়

টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে স্পেসএক্সের মোট আয় ছিল ১৪ দশমিক ৬ বিলিয়ন ডলার। এর মধ্যে এআই বিভাগ থেকে এসেছে ৭ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা স্টারলিংক ও রকেট উৎক্ষেপণ ব্যবসার সম্মিলিত আয়ের চেয়েও বেশি। এআই বিভাগের আওতায় রয়েছে গ্রোক চ্যাটবট, কার্সর কোডিং টুল ও ক্লাউড কম্পিউটিং সেবা।

এআই অবকাঠামো সম্প্রসারণে স্পেসএক্সের মূলধনি ব্যয়ও বেড়েছে। এক বছর আগে ৬ দশমিক ৯ বিলিয়ন ডলার থাকলেও তৃতীয় প্রান্তিকে তা প্রায় ২০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ব্রেট জনসন জানিয়েছেন, ২০২৬ সালের চতুর্থ প্রান্তিকেই প্রতিষ্ঠানটি ৩৫ থেকে ৪০ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা করছে।

এআই অবকাঠামো খাতে অতিরিক্ত ব্যয় ও সীমিত মুনাফার কারণে ঋণবাজারে উদ্বেগ বাড়ছে। এআই কাজের জন্য জিপিইউ ভাড়া দেওয়া দুই শতাধিক নিওক্লাউড প্রতিষ্ঠানের অর্থায়ন পাওয়া কঠিন হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মাস্কের মতে, স্টারলিংক ও রকেট উৎক্ষেপণ ব্যবসা থেকে নিয়মিত আয় থাকায় স্পেসএক্স এ ক্ষেত্রে সুবিধা পাচ্ছে। তবে বড় আয়ের উৎসবিহীন অনেক নিওক্লাউড প্রতিষ্ঠানের টিকে থাকা কঠিন হতে পারে বলে তিনি মন্তব্য করেছেন।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন