জিমেইলের অপ্রয়োজনীয় ই-মেইল পরিষ্কার করার সহজ উপায়
গুগলের বিনা মূল্যের ১৫ জিবি ক্লাউড স্টোরেজ দ্রুত পূর্ণ হয়ে গেলে অনেকেই গুগল ফটোজ বা গুগল ড্রাইভ থেকে ফাইল মুছে জায়গা খালি করেন। তবে দীর্ঘদিন ধরে জমে থাকা ই-মেইল ও সংযুক্ত ফাইলও স্টোরেজের বড় অংশ দখল করতে পারে। জিমেইলের অপ্রয়োজনীয় ই-মেইল মুছে এবং কিছু সেটিংস কাজে লাগিয়ে বিনা মূল্যের স্টোরেজে জায়গা ফেরানো সম্ভব।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে বড় ফাইল সংযুক্ত ই-মেইল, পুরোনো প্রচারণামূলক বার্তা এবং অপ্রয়োজনীয় নোটিফিকেশন জমে থাকলে স্টোরেজ দ্রুত পূর্ণ হতে পারে। জিমেইলের জায়গা খালি করার চারটি উপায় নিচে তুলে ধরা হলো।
বড় ফাইল সংযুক্ত ই-মেইল মুছুন
জিমেইলে বড় সংযুক্ত ফাইল খুঁজে বের করার জন্য স্টোরেজ ব্যবস্থাপনার সুবিধা রয়েছে। এ সুবিধা ব্যবহার করে অপ্রয়োজনীয় বড় ফাইল সংযুক্ত ই-মেইল সহজেই মুছে ফেলা যায়।
এ জন্য ফোনে জিমেইল অ্যাপ খুলে ওপরের ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এরপর ‘ক্লিন আপ স্পেস’ অপশনে গিয়ে ‘ই-মেইলস উইথ লার্জ অ্যাটাচমেন্টস’ বিভাগের ‘রিভিউ’ নির্বাচন করুন। সেখানে বড় ফাইল সংযুক্ত ই-মেইলের তালিকা দেখা যাবে। প্রয়োজন নেই এমন বার্তা নির্বাচন করে মুছে ফেলুন।
এ ছাড়া একই জায়গা থেকে স্প্যাম ও ট্র্যাশ ফোল্ডারে থাকা অপ্রয়োজনীয় বার্তাও মুছে ফেলা যায়। তবে গুরুত্বপূর্ণ ই-মেইল বা নথি ভুল করে মুছে যাচ্ছে কি না, তা আগে যাচাই করা জরুরি।
সার্চ অপারেটর দিয়ে বড় ফাইল খুঁজুন
জিমেইলের সার্চ বারে নির্দিষ্ট কমান্ড লিখে সংযুক্ত ফাইলসহ ই-মেইল খুঁজে বের করা যায়। এতে মাঝারি বা ছোট আকারের সংযুক্ত ফাইলও শনাক্ত করা সম্ভব।
- সব ধরনের সংযুক্ত ফাইল খুঁজতে সার্চ বারে লিখুন: has:attachment
- ৫ মেগাবাইটের বেশি আকারের সংযুক্ত ফাইল খুঁজতে লিখুন: has:attachment larger:5MB
- আবার ২০২৪ সালের ১ জানুয়ারির আগের বড় ফাইল সংযুক্ত ই-মেইল খুঁজতে লিখতে পারেন: has:attachment larger:5MB before:2024/01/01
এভাবে নির্দিষ্ট আকার ও সময়সীমা ধরে অপ্রয়োজনীয় ই-মেইল বেছে মুছে ফেলা যায়। এতে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বার্তা অক্ষত রেখে পুরোনো ফাইল সরানো সহজ হয়।
পুরোনো প্রচারণামূলক ই-মেইল মুছুন
জিমেইলের প্রমোশনস, সোশ্যাল ও আপডেটস বিভাগে নিয়মিত নানা ধরনের প্রচারণামূলক বার্তা ও নোটিফিকেশন জমা হয়। দীর্ঘদিনের অপ্রয়োজনীয় বার্তাগুলো একসঙ্গে মুছে ফেললে স্টোরেজের কিছু জায়গা খালি করা যায়।
- এক বছরের বেশি পুরোনো প্রচারণামূলক ই-মেইল খুঁজতে জিমেইলের সার্চ বারে লিখুন: older_than:1y category:promotions
এরপর অপ্রয়োজনীয় বার্তাগুলো নির্বাচন করে মুছে ফেলুন। একইভাবে সোশ্যাল ও আপডেটস বিভাগের পুরোনো বার্তাও খুঁজে পরিষ্কার করা যায়। তবে মুছে ফেলার আগে প্রয়োজনীয় রসিদ, বিল বা অ্যাকাউন্ট-সংক্রান্ত নোটিফিকেশন আছে কি না, তা দেখে নেওয়া ভালো।
অপ্রয়োজনীয় ই-মেইল আসা বন্ধ করুন
পুরোনো ই-মেইল মুছে ফেললেও নিয়মিত প্রচারণামূলক বার্তা আসতে থাকলে আবার স্টোরেজ পূর্ণ হয়ে যেতে পারে। তাই অপ্রয়োজনীয় নিউজলেটার থেকে সদস্যতা বাতিল করা এবং বিরক্তিকর প্রেরককে ব্লক করাও কাজে আসতে পারে।
জিমেইল অ্যাপে মেনু খুলে ‘ম্যানেজ সাবস্ক্রিপশনস’ অপশনে গেলে বিভিন্ন মেইলিং তালিকার তথ্য দেখা যায়। সেখান থেকে অপ্রয়োজনীয় নিউজলেটার থেকে সদস্যতা বাতিল করা সম্ভব।
কোনো প্রেরকের ই-মেইল আর পেতে না চাইলে সংশ্লিষ্ট বার্তা খুলে তিন ডট মেনু থেকে ‘ব্লক’ নির্বাচন করুন। এরপর ওই ঠিকানা থেকে আসা বার্তা স্প্যাম ফোল্ডারে যাবে। স্প্যামে থাকা বার্তা সাধারণত ৩০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।