পিএইচপির নিরাপত্তাত্রুটি নিয়ে যা জানা জরুরি
ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত করেছেন গবেষকেরা। এ ত্রুটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা ওয়েবসাইটে প্রবেশ, সংবেদনশীল তথ্য চুরি এবং ভবিষ্যতে আবারও প্রবেশের পথ তৈরি করতে পারে। বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইটে পিএইচপি ব্যবহৃত হওয়ায় এ ত্রুটি বড় ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি করেছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পিএইচপি ফাউন্ডেশন ইতোমধ্যে ত্রুটি সমাধানে নিরাপত্তা প্যাচ প্রকাশ করেছে। তবে ওয়েবসাইটের মালিক ও পরিচালকদের নিজেদের ব্যবহৃত পিএইচপি সংস্করণ হালনাগাদ করতে হবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশ্বের বিভিন্ন স্থানের কিছু অনলাইন স্টোর ও সরকারি ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধও রাখা হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা প্রতিষ্ঠান বিটডিফেন্ডারের প্রযুক্তি সমাধানবিষয়ক পরিচালক মার্টিন জুগেক জানিয়েছেন, তাদের পর্যবেক্ষণে এখনো এ ত্রুটি কাজে লাগিয়ে হামলার নিশ্চিত উদাহরণ পাওয়া যায়নি। তবে ত্রুটির অপব্যবহারের কার্যকর পদ্ধতি প্রকাশিত হলে ঝুঁকি বাড়তে পারে।
কী ধরনের ক্ষতি হতে পারে
নিরাপত্তাত্রুটির সুযোগ নিয়ে অপরাধীরা ওয়েবসাইটের ব্যবহারকারীদের লগইন তথ্য, যোগাযোগের ঠিকানা, পণ্য সরবরাহের ঠিকানা ও ক্রেডিট কার্ডের তথ্য চুরি করতে পারে। এসব তথ্য ব্যবহার করে আর্থিক জালিয়াতি, পরিচয় চুরি ও ফিশিং হামলা চালানো সম্ভব। আক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহারকারীদের বিভ্রান্ত করা বা তাদের যন্ত্রে ক্ষতিকর সফটওয়্যার ছড়ানোর ঝুঁকিও রয়েছে।
ওয়েবসাইট পরিচালকদের করণীয়
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা ওয়েবসাইট পরিচালকদের দ্রুত পিএইচপি হালনাগাদ করার পরামর্শ দিয়েছেন। ওয়েব হোস্টিং সেবাদাতার নির্দেশনা অনুসরণ করার পাশাপাশি ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, জুমলা বা ম্যাজেন্টোর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করলে সেগুলোর আনুষ্ঠানিক নিরাপত্তা বিজ্ঞপ্তিও পরীক্ষা করা প্রয়োজন।
সাধারণ ব্যবহারকারীরা কী করবেন
সাধারণ ব্যবহারকারীদের জন্য আলাদা করে সব পাসওয়ার্ড পরিবর্তন করা বা ওয়েবসাইট ব্যবহার বন্ধ করার প্রয়োজন নেই। তবে প্রতিটি অ্যাকাউন্টে আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, পাসওয়ার্ড ম্যানেজার কাজে লাগানো এবং দুই স্তরের যাচাইকরণ চালু রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি যন্ত্রের সফটওয়্যার নিয়মিত হালনাগাদ করতে হবে এবং তথ্য ফাঁসের দাবি করে ই-মেইলে পাঠানো সন্দেহজনক লিংক এড়িয়ে চলতে হবে।