ল্যাপটপের ডিসপ্লে পরিষ্কারে যেসব ভুল এড়িয়ে চলবেন
ল্যাপটপের ডিসপ্লে পরিষ্কারে অ্যালকোহলযুক্ত ওয়াইপ ব্যবহার করা উচিত নয়। এতে ডিসপ্লের ওপর থাকা বিশেষ সুরক্ষামূলক আবরণ নষ্ট হতে পারে। তবে নির্মাতা অনুমোদন দিলে নির্দিষ্ট মাত্রার আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করা যায়।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজিআর-এর প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ ল্যাপটপের ডিসপ্লেতে প্রতিফলন কমানো, আলো ঝলকানি নিয়ন্ত্রণ এবং আঙুলের ছাপ প্রতিরোধের জন্য বিশেষ আবরণ থাকে। অ্যালকোহল এসব আবরণ ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষ করে ৯১ শতাংশ বা তার বেশি ঘনত্বের আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহারে ঝুঁকি বেশি।
সাধারণ অ্যালকোহলযুক্ত ওয়াইপে ইথাইল অ্যালকোহল বা আইসোপ্রোপাইল অ্যালকোহলের পাশাপাশি সুগন্ধি, রং ও ময়েশ্চারাইজারের মতো উপাদান থাকতে পারে। এসব উপাদান ডিসপ্লেতে দাগ বা অবাঞ্ছিত আস্তরণ তৈরি করতে পারে। তাই ডিসপ্লে পরিষ্কারের জন্য বিশেষভাবে তৈরি ওয়াইপ ব্যবহার করাই ভালো। পণ্যের গায়ে ‘স্ক্রিন ক্লিনার’, ‘মনিটর ক্লিনার’ বা ‘ইলেকট্রনিক ক্লিনার কিট’ লেখা আছে কি না, তা দেখে নেওয়া উচিত।
ল্যাপটপের ডিসপ্লে পরিষ্কারের নিরাপদ উপায়
অধিকাংশ ল্যাপটপের ডিসপ্লে পরিষ্কারের সবচেয়ে নিরাপদ উপায় হলো মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করা। এতে ধুলা ও হালকা দাগ সহজেই দূর করা যায়। এ সময় ডিসপ্লেতে বেশি চাপ দেওয়া যাবে না।
সহজে না ওঠা দাগ বা আঙুলের ছাপ দূর করতে মাইক্রোফাইবার কাপড়ে অল্প পানি লাগিয়ে আলতোভাবে মুছে নেওয়া যায়। তবে ডিসপ্লেতে সরাসরি পানি ছিটানো উচিত নয়। পরিষ্কারের আগে ল্যাপটপ বন্ধ করে নেওয়াও জরুরি, যাতে পানি ভেতরের যন্ত্রাংশে প্রবেশ করতে না পারে।

পানিতে দাগ না উঠলে নির্মাতার নির্দেশনা অনুযায়ী আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করা যেতে পারে। অ্যাপল তাদের ম্যাকবুক পরিষ্কারে ৭০ শতাংশ আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহারের অনুমতি দেয়। এ ক্ষেত্রে শুকনো মাইক্রোফাইবার কাপড়ে অল্প অ্যালকোহল লাগিয়ে আলতোভাবে ডিসপ্লে মুছতে হবে।
তবে সব ল্যাপটপের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য নয়। তাই ডিসপ্লে পরিষ্কারের আগে সংশ্লিষ্ট নির্মাতার ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা দেখে নেওয়া উচিত।