যে ৭ ধরনের ছবি সম্পাদনায় কখনও এআই ব্যবহার করবেন না
ছবি সম্পাদনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। ছবি থেকে মানুষ বা বস্তু সরানো, পটভূমি বদলানো, মুখের বৈশিষ্ট্য পরিবর্তনসহ নানা কাজ করা যায় এআই দিয়ে। তবে ছবির সৌন্দর্যের চেয়ে সত্যতা বেশি গুরুত্বপূর্ণ হলে এআই ব্যবহার বিপদ ডেকে আনতে পারে। এমনকি এআই দিয়ে ছবি পরিবর্তন করলে তা উল্লেখ করার পরও কিছু ক্ষেত্রে এর ব্যবহার গ্রহণযোগ্য নয়।
সরকারি পরিচয়পত্রের ছবি
পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সসহ সরকারি পরিচয়পত্রের ছবিতে এআই ব্যবহার করা উচিত নয়। সরকারি সংস্থাগুলো এআই দিয়ে তৈরি বা পরিবর্তিত ছবি শনাক্ত করতে পারে। তাই সামান্য পরিবর্তনও ছবিটি বাতিলের কারণ হতে পারে। হাসি যোগ করা, টুপি বা চশমা বসানোর মতো পরিবর্তনও করা উচিত নয়।
বন্য প্রাণীর ছবি
বন্য প্রাণীর ছবিতে বাস্তবতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এআই দিয়ে ছবির প্রাণীকে আরও স্পষ্ট বা আকর্ষণীয় করতে গেলে বাস্তবতার সঙ্গে মিল নেই এমন তথ্য বা বৈশিষ্ট্য যুক্ত হতে পারে। এতে ছবি গবেষক ও প্রকৃতিপ্রেমীদের কাছে বিশ্বাসযোগ্যতা হারাতে পারে।

সংবাদ ও সাংবাদিকতার ছবি
সাংবাদিকতায় এআই দিয়ে ছবি পরিবর্তন করা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এতে ঘটনার সত্যতা বিকৃত হতে পারে এবং সাংবাদিকতার নৈতিকতা প্রশ্নের মুখে পড়তে পারে। পাশাপাশি মানহানি বা প্রতারণার মতো আইনি জটিলতাও তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রে এআই-নির্ভর ভুয়া ছবি বা ডিপফেক নিয়ে কেন্দ্রীয় আইন তৈরি হলেও অনেক অঙ্গরাজ্যে ইতোমধ্যে আইন রয়েছে।
পণ্যের ছবি
বাণিজ্যিক কাজে পণ্যের ছবিতে এআই দিয়ে কোনো বৈশিষ্ট্য যোগ বা পরিবর্তন করা উচিত নয়। এতে ক্রেতা পণ্য সম্পর্কে ভুল ধারণা পেতে পারেন। ফলে প্রতিষ্ঠানটি মিথ্যা বিজ্ঞাপনের অভিযোগে পড়ার পাশাপাশি বিশ্বাসযোগ্যতাও হারাতে পারে।
শিল্পকর্মের ছবি
নিজের সৃজনশীল ভাবনা প্রকাশের ক্ষেত্রে এআইকে দিয়ে পুরো সৃজনশীল কাজ করানো উচিত নয়। এআই দিয়ে তৈরি ছবির কপিরাইট পাওয়া নিয়ে জটিলতা রয়েছে। আবার এআইয়ের মাধ্যমে তৈরি কোনো উপাদান অন্যের কপিরাইট লঙ্ঘনও করতে পারে। নিজের কাজ সুরক্ষিত রাখতে কনটেন্ট ক্রেডেনশিয়ালস বা মেটাডেটা ব্যবহার করা যেতে পারে।

ব্যক্তিচিত্র
ব্যক্তিচিত্রে সামান্য সৌন্দর্যবর্ধক সম্পাদনা গ্রহণযোগ্য হলেও মুখ বা শরীরের মূল বৈশিষ্ট্য এআই দিয়ে বদলানো উচিত নয়। আলো ঠিক করা, সাময়িক দাগ সরানো বা ত্বক সামান্য মসৃণ করার মতো সাধারণ সম্পাদনা করা যেতে পারে। করপোরেট পরিচিতির ছবির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
বাড়ি বা সম্পত্তির ছবি

বাড়ি বা কক্ষের ছবি এআই দিয়ে এমনভাবে পরিবর্তন করা উচিত নয়, যাতে প্রকৃত অবস্থা সম্পর্কে ক্রেতা বিভ্রান্ত হন। তবে ঘরে ভিন্ন আসবাব বা সাজসজ্জা কেমন দেখাবে, তা দেখাতে এআই ব্যবহার করা যেতে পারে। সে ক্ষেত্রে ঘরের আকার বা আসবাবের প্রকৃত মাপ পরিবর্তন করা যাবে না এবং ছবিটি এআই দিয়ে পরিবর্তিত হয়েছে, তা স্পষ্টভাবে জানাতে হবে।
সূত্র : পিসি ম্যাগ