স্পেসএক্সের অংশ হলো এআই স্টার্টআপ কার্সর

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১৪:০৯

স্পেসএক্সের অংশ হলো এআই স্টার্টআপ কার্সর
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোডিং প্ল্যাটফর্ম কার্সর আনুষ্ঠানিকভাবে স্পেসএক্সের অংশ হয়েছে। প্রতিষ্ঠানটির ব্লগে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলে ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স ও এআই কোডিং স্টার্টআপ কার্সর প্রযুক্তি উন্নয়নসংক্রান্ত একটি অংশীদারত্ব চুক্তির ঘোষণা দেয়। ওই চুক্তির আওতায় ৬০ বিলিয়ন ডলারে কার্সর অধিগ্রহণের সুযোগও রাখা হয়েছিল।

এর দুই মাস পর, শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর স্পেসএক্স ও কার্সর জানায় যে তারা অধিগ্রহণ প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। সর্বশেষ ঘোষণার মাধ্যমে সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অধিগ্রহণের ঘোষণা দিতে গিয়ে কার্সর স্পেসএক্সের কম্পিউটিং অবকাঠামোর কথা উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, স্পেসএক্সের অংশ হওয়ার ফলে তারা বিশ্বের সবচেয়ে বড় জিপিইউ বহরের সুবিধা পাবে, যা ভবিষ্যতে তাদের প্রযুক্তি উন্নয়নে সহায়ক হবে।

কার্সর আরও জানিয়েছে, উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে আরও বিস্তৃত পরিসরে ব্যবহারযোগ্য করতে প্রয়োজনীয় কম্পিউটিং সক্ষমতা গড়ে তুলছে স্পেসএক্স। সেই সক্ষমতাকে বাস্তব কাজে লাগানোর অন্যতম ক্ষেত্র হবে কার্সর।

বর্তমানে স্পেসএক্স নিজেদের কম্পিউটিং অবকাঠামো বিভিন্ন প্রতিষ্ঠানের কাছেও ভাড়া দিচ্ছে। এর গ্রাহকদের মধ্যে রয়েছে অ্যানথ্রপিক ও গুগলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠান।

কার্সর এআইভিত্তিক কোড লেখা, সফটওয়্যার উন্নয়ন এবং প্রোগ্রামিং সহায়তার জন্য দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। স্পেসএক্সের বিশাল প্রযুক্তিগত অবকাঠামোর সঙ্গে যুক্ত হওয়ার ফলে প্ল্যাটফর্মটির সক্ষমতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন