অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ফেসবুকের নতুন উদ্যোগ

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:১৭

অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ফেসবুকের নতুন উদ্যোগ
ছবি : সংগৃহীত

ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষা জোরদার করতে নতুন একটি যাচাইকরণ পদ্ধতি চালু করছে মেটা। ‘ভেরিফিকেশন সেলফি’ নামের এই ফিচারের মাধ্যমে আগেই একটি সেলফি সংরক্ষণ করে রাখা যাবে, যা ভবিষ্যতে পরিচয় নিশ্চিত করা বা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের ক্ষেত্রে কাজে লাগবে।

মেটা জানিয়েছে, এটি তাদের পেইড ভেরিফিকেশন সেবা ‘মেটা ভেরিফায়েড’-এর অংশ নয়। বরং এটি একটি আলাদা নিরাপত্তা সুবিধা, যা প্রয়োজনে ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ের প্রক্রিয়াকে দ্রুত ও সহজ করতে সহায়তা করবে। বিশেষ করে অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ, লগ-ইন জটিলতা বা সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত হলে এই সংরক্ষিত তথ্য ব্যবহার করা হতে পারে।

বর্তমানে ফিচারটি সীমিত পরিসরে চালু হয়েছে এবং ধাপে ধাপে আরও ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হচ্ছে। ফলে অনেকের অ্যাকাউন্টে এখনই এই অপশনটি দেখা নাও যেতে পারে।

যারা ফিচারটি ব্যবহার করার সুযোগ পাচ্ছেন, তারা ফেসবুক বা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টস সেন্টার-এ গিয়ে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সেটিংস থেকে ‘ভেরিফিকেশন সেলফি’ নির্বাচন করতে পারবেন। এরপর নির্দেশনা অনুযায়ী সেলফি আপলোড করলেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। ব্যবহারকারীরা চাইলে পরবর্তীতে এই সেলফি আপডেট বা মুছে ফেলতেও পারবেন।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট হ্যাকিং ও পরিচয় জালিয়াতির ঘটনা বেড়ে যাওয়ায় এ ধরনের ব্যবস্থা সময়োপযোগী। তবে এর পাশাপাশি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখা এবং অপরিচিত লিংক থেকে সতর্ক থাকার মতো মৌলিক নিরাপত্তা অভ্যাস বজায় রাখাও জরুরি

বিশেষজ্ঞরা আরও বলছেন, কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার এবং অনলাইনভিত্তিক ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই ধরনের ফিচার ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে এটি কোনোভাবেই ভেরিফায়েড ব্যাজ পাওয়ার বিকল্প নয়; বরং অ্যাকাউন্ট নিরাপত্তা বাড়ানোর একটি সহায়ক পদক্ষেপ।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন