পাঠাও কুরিয়ারে যুক্ত হলো ডিজিটাল পেমেন্ট সুবিধা
কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট সুবিধা চালু করেছে দেশের ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পাঠাও। ‘ডিজিটাল পেমেন্ট অন ডেলিভারি’ (ডিপিওডি) নামের এই সুবিধার আওতায় পার্সেল ডেলিভারির জন্য বের হলে গ্রাহকেরা এসএমএসে একটি পেমেন্ট লিংক পাবেন। সেই লিংকের মাধ্যমে ব্যাংক কার্ড বা মোবাইল আর্থিক সেবার (এমএফএস) সাহায্যে পেমেন্ট করা যাবে।
পাঠাওয়ের এ উদ্যোগের ফলে পার্সেল গ্রহণের সময় গ্রাহকদের নগদ টাকা প্রস্তুত রাখা বা ভাঙতি জোগাড় করার প্রয়োজন হবে না। এমনকি পেমেন্ট করার জন্য ডেলিভারির সময় নির্ধারিত স্থানেও উপস্থিত থাকতে হবে না। পার্সেল হাতে পাওয়ার আগে বা ডেলিভারির সময় লিংকে থাকা ‘পে নাউ’ অপশনে ট্যাপ করে পেমেন্ট সম্পন্ন করা যাবে।
নতুন এই সুবিধার ফলে কুরিয়ার ডেলিভারির সময় নগদ অর্থ লেনদেনের ঝামেলা কমবে। পাশাপাশি গ্রাহকেরা নিজেদের সুবিধামতো সময়ে পেমেন্ট করতে পারবেন। এতে ডেলিভারি প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
পাঠাও কুরিয়ারের সঙ্গে যুক্ত মার্চেন্টদের জন্যও এ সুবিধা গুরুত্বপূর্ণ। ডেলিভারির সময় একাধিক পেমেন্ট পদ্ধতি ব্যবহারের সুযোগ থাকায় মার্চেন্টদের গ্রাহকেরা কেনাকাটার শেষ ধাপে আরও স্বাচ্ছন্দ্যে লেনদেন করতে পারবেন। এর ফলে গ্রাহকসেবার মান উন্নত হওয়ার পাশাপাশি কুরিয়ার খাতে নগদ অর্থের ওপর নির্ভরতা কমাতে সহায়তা করবে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা।
পাঠাওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেলিভারিতে ডিজিটাল পেমেন্টকে নিয়মিত ও নির্ভরযোগ্য অভ্যাসে পরিণত করা তাদের অন্যতম লক্ষ্য। পার্সেল গ্রহণের ক্ষেত্রে গ্রাহকদের পেমেন্টের স্বাধীনতা দেওয়ার পাশাপাশি মার্চেন্টদের উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।