ভুয়া অ্যাকাউন্ট ঠেকাতে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে মেটা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১৭:০৯

ভুয়া অ্যাকাউন্ট ঠেকাতে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে মেটা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও এআই-নির্ভর অ্যাকাউন্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। প্রতিষ্ঠানটি ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে একটি বিনামূল্যের ব্যাজ চালু করেছে, যার মাধ্যমে নিশ্চিত করা যাবে কোনো প্রোফাইল বাস্তব ব্যক্তির কিনা।

নতুন এই ফিচারের আওতায় ব্যবহারকারীদের একটি সংক্ষিপ্ত ভিডিও সেলফি ধারণ করতে হবে। এরপর মেটা সেই ভিডিওটি ব্যবহারকারীর প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে যাচাই করবে। পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় এবং সাধারণত কয়েক মিনিটের মধ্যেই ফল পাওয়া যায়।

তবে এই সুবিধা পেতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে। ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং তার অ্যাকাউন্টে কোনো প্রতারণা, ভুয়া আচরণ বা কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের রেকর্ড থাকা যাবে না।

এই ভেরিফায়েড ব্যাজটি শুধুমাত্র ব্যক্তিগত প্রোফাইলের জন্য প্রযোজ্য। পেজ বা পেশাদার (প্রো) অ্যাকাউন্টের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। ভেরিফিকেশন সম্পন্ন হলে ব্যাজটি ব্যবহারকারীর প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ ও ডেটিং সেবায় দৃশ্যমান হবে। ভবিষ্যতে এটি নিউজ ফিডেও প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, এটি মেটার বিদ্যমান পেইড ‘মেটা ভেরিফায়েড’ পরিষেবা থেকে আলাদা। নতুন এই ফ্রি ব্যাজটি কেবল ব্যবহারকারীর প্রকৃত পরিচয় নিশ্চিত করার জন্য চালু করা হয়েছে, যেখানে পেইড পরিষেবায় অতিরিক্ত সুবিধা যুক্ত থাকে।

মেটা জানিয়েছে, ফিচারটি ধাপে ধাপে বিভিন্ন অঞ্চলে চালু করা হবে এবং পর্যায়ক্রমে বিশ্বজুড়ে বিস্তৃত করা হবে।

বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ ভুয়া অ্যাকাউন্ট ও প্রতারণা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বিশেষ করে এআই দিয়ে তৈরি ভুয়া প্রোফাইলের সংখ্যা বাড়তে থাকায়।

সূত্র : ম্যাক রিউমার্স

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন