অ্যান্ড্রয়েডে ব্যাটারি সাশ্রয়ের সহজ কৌশল
স্মার্টফোন ব্যবহারকারীদের অন্যতম বড় সমস্যা দ্রুত ব্যাটারি শেষ হয়ে যাওয়া। বিশেষ করে অ্যান্ড্রয়েড ডিভাইসে অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থেকে অজান্তেই চার্জ খরচ করে। তবে কিছু সহজ কৌশল অনুসরণ করলেই ব্যাটারি ব্যাকআপ উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।
মূল সমস্যা কোথায়
অনেকেই ব্যাটারি সেটিংসে ‘গুগল প্লে সার্ভিসেস’-কে বেশি চার্জ খরচ করতে দেখেন এবং সেটিকেই মূল সমস্যা মনে করেন। কিন্তু এটি আসলে একটি সহায়ক সিস্টেম, যা বিভিন্ন অ্যাপের কাজ পরিচালনা করে। ফলে সরাসরি এটিকে নিয়ন্ত্রণ করলে ফোনের গুরুত্বপূর্ণ ফিচার ব্যাহত হতে পারে।
আসল দায়ী যে অ্যাপ
বিশ্লেষণে দেখা গেছে, গুগল অ্যাপের কিছু ফিচারই ব্যাটারি খরচ বাড়ায়। লোকেশন ব্যবহার, ভয়েস সুবিধা এবং ব্যাকগ্রাউন্ডে তথ্য হালনাগাদ করার কারণে এই অ্যাপটি ফোনকে সক্রিয় রাখে, ফলে চার্জ দ্রুত কমে।
যেভাবে সমাধান
প্রথমে গুগল অ্যাপের ‘ডিসকভার’ ফিচার বন্ধ করা যেতে পারে। এটি ব্যাকগ্রাউন্ডে সংবাদ ও কনটেন্ট লোড করে রাখে, যা অপ্রয়োজনীয় ডাটা ও শক্তি খরচ করে।
এছাড়া ‘হেই গুগল’ ভয়েস সুবিধা বন্ধ করলে ফোন সবসময় শব্দ শোনার জন্য প্রস্তুত থাকে না, ফলে ব্যাটারি সাশ্রয় হয়।
ব্যাকগ্রাউন্ড নিয়ন্ত্রণ জরুরি
ফোনের সেটিংস থেকে গুগল অ্যাপসহ অন্যান্য অপ্রয়োজনীয় অ্যাপের ব্যাকগ্রাউন্ড কার্যক্রম সীমিত করা গেলে অতিরিক্ত চার্জ খরচ কমানো সম্ভব।

নতুন নীতিমালার প্রভাব
গুগল ইতোমধ্যে অতিরিক্ত ব্যাটারি ব্যবহারকারী অ্যাপগুলোর বিরুদ্ধে নতুন নীতিমালা চালু করেছে। ২০২৬ সাল থেকে যেসব অ্যাপ দীর্ঘ সময় প্রসেসর সক্রিয় রাখে, সেগুলোর ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, অপ্রয়োজনীয় ফিচার বন্ধ রাখা এবং ব্যাকগ্রাউন্ড কার্যক্রম নিয়ন্ত্রণই ব্যাটারি সাশ্রয়ের সবচেয়ে সহজ ও কার্যকর উপায়।