মাসে একবার রাউটার রিস্টার্টে মিলবে যেসব সুবিধা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৫

মাসে একবার রাউটার রিস্টার্টে মিলবে যেসব সুবিধা

রাউটার দিনরাত চালু থেকে ফোন, ল্যাপটপ, স্মার্ট টিভিসহ বিভিন্ন যন্ত্রের ইন্টারনেট সংযোগ পরিচালনা করে। দীর্ঘ সময় চালু থাকলে এতে অস্থায়ী তথ্য জমে কার্যক্ষমতা কমতে পারে। মাসে একবার রাউটার রিস্টার্ট করলে নেটওয়ার্কের গতি ও স্থিতিশীলতা বাড়তে পারে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, রাউটার রিস্টার্ট করলে মেমোরি ও ক্যাশ পরিষ্কার হয়। মডেম ও ইন্টারনেট সেবাদাতার সঙ্গে সংযোগও নতুন করে স্থাপিত হয়। পাশাপাশি কম ব্যস্ত ওয়াই-ফাই চ্যানেল বেছে নেওয়ার সুযোগ তৈরি হয়। এতে সংযোগ বিচ্ছিন্ন হওয়া ও বাফারিংয়ের মতো সমস্যা কমতে পারে।

নিরাপত্তার দিক থেকেও রাউটার রিস্টার্ট করা গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা ও এফবিআই এ বিষয়ে পরামর্শ দিয়েছে। রিস্টার্ট করলে কিছু ধরনের ক্ষতিকর সফটওয়্যারের কার্যক্রম ব্যাহত হতে পারে। সন্দেহজনক অস্থায়ী সংযোগও সরানো যায়।

কেন রাউটার বারবার রিস্টার্ট করবেন

রাউটার মূলত একটি ছোট কম্পিউটারের মতো কাজ করে। এতে প্রসেসর ও মেমোরি থাকে। দীর্ঘ সময় চলার ফলে অস্থায়ী তথ্য জমে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। রিস্টার্ট করলে মেমোরি ও ক্যাশ পরিষ্কার হয়ে এসব সাময়িক সমস্যা অনেক সময় ঠিক হয়ে যায়।

ইন্টারনেটের গতি কমে গেলে, ওয়াই-ফাই বারবার বিচ্ছিন্ন হলে বা ভিডিও দেখার সময় বেশি বাফারিং হলে রাউটার রিস্টার্ট করা যেতে পারে। তবে রিস্টার্ট করা আর ডিফল্ট সেটিংসে ফিরিয়ে নেওয়া এক নয়। রিস্টার্ট করলে আগের সেটিংস ঠিক থাকে। ডিফল্ট সেটিংসে ফিরিয়ে নিলে নেটওয়ার্কের নাম ও পাসওয়ার্ডসহ সব তথ্য মুছে যায়।

সন্দেহজনক কার্যক্রম দেখা গেলে রাউটার রিস্টার্ট করার পরামর্শ দিয়েছে এফবিআই। জাতীয় নিরাপত্তা সংস্থা রাউটার, স্মার্টফোন ও কম্পিউটারসহ বিভিন্ন যন্ত্র নিয়মিত রিস্টার্ট করার সময় নির্ধারণের কথাও বলেছে।

রাউটার কতক্ষণ বন্ধ রাখতে হবে

রাউটার রিস্টার্ট করতে প্রথমে বিদ্যুৎ সংযোগ খুলে দিতে হবে। ৩০ সেকেন্ড থেকে এক মিনিট অপেক্ষা করে আবার সংযোগ দিতে হবে। এতে রাউটারের মেমোরি পুরোপুরি পরিষ্কার হওয়ার সুযোগ পায়।

আলাদা মডেম থাকলে আগে সেটি চালু করতে হবে। এক থেকে দুই মিনিট অপেক্ষা করে সংযোগ স্থাপনের পর রাউটার চালু করা ভালো।

অনেক আধুনিক রাউটারে স্বয়ংক্রিয় রিস্টার্টের সুবিধা রয়েছে। রাতে ইন্টারনেট ব্যবহার কম থাকলে সেই সময় সেটি নির্ধারণ করা যায়। স্বয়ংক্রিয় ফার্মওয়্যার হালনাগাদ সুবিধা থাকলে সেটিও চালু রাখা উচিত। এতে নিরাপত্তার ত্রুটি ও সফটওয়্যারের বিভিন্ন সমস্যা ঠিক হয়।

মাসে একবার রাউটার রিস্টার্ট করতে সাধারণত প্রায় দুই মিনিট সময় লাগে। সহজ এই অভ্যাস বাড়ির ইন্টারনেট সংযোগকে আরও স্থিতিশীল ও নির্ভরযোগ্য রাখতে সহায়তা করতে পারে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন