সন্তানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে অভিভাবকদের জন্য মেটার বার্তা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৯

সন্তানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে অভিভাবকদের জন্য মেটার বার্তা

সন্তানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সরাসরি প্রবেশ করতে পারেন না অভিভাবকেরা। তবে কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ইনস্টাগ্রামে অভিভাবকদের জন্য নজরদারির কিছু সুবিধা রয়েছে বলে জানিয়েছে মেটা। সম্প্রতি ইনস্টাগ্রামের প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নের পাতায় এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সন্তানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কি ঢুকতে পারবেন অভিভাবকরা?

মেটার তথ্য অনুযায়ী, গোপনীয়তা আইন সাধারণত অ্যাকাউন্টের মালিক ছাড়া অন্য কাউকে ওই অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের সুযোগ দেয় না। ১৩ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীকে অ্যাকাউন্টের অনুমোদিত মালিক হিসেবে বিবেচনা করা হয়। তবে কিছু দেশে আইনের আওতায় অভিভাবকেরা কিশোরের অ্যাকাউন্টে বাড়তি নজরদারির সুবিধা পেতে পারেন।

ইনস্টাগ্রামের ‘সুপারভিশন’ সুবিধার মাধ্যমে অভিভাবকেরা সন্তানের অ্যাকাউন্টের বিভিন্ন সেটিংস দেখতে পারেন। এমনকি কোনো সেটিংসকে কম সুরক্ষিত করার অনুরোধ এলে তা অনুমোদন বা প্রত্যাখ্যান করার সুযোগও রয়েছে

ইনস্টাগ্রামে বাড়তি নজরদারি চালুর উপায়

মেটা জানিয়েছে, ফ্লোরিডা, কানেকটিকাট, টেক্সাস, পুয়ের্তো রিকো, ইন্দোনেশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ভিয়েতনাম ও ব্রাজিলে অতিরিক্ত নজরদারির সুবিধা চালু রয়েছে। এ সুবিধা নিতে অভিভাবকের পরিচয় যাচাইয়ের প্রয়োজন হতে পারে। এ জন্য সরকারি পরিচয়পত্র অথবা দুটি সরকারি নয় এমন পরিচয়পত্র জমা দিতে হতে পারে। পরিচয় যাচাইয়ে ৪৮ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। জমা দেওয়া পরিচয়পত্র নিরাপদে সংরক্ষণ করে ৩০ দিনের মধ্যে মুছে ফেলার কথা জানিয়েছে মেটা।

পরিচয় যাচাইয়ের পর অভিভাবক সন্তানের কাছে নজরদারি চালুর আমন্ত্রণ পাঠাতে পারবেন। সন্তানকে সেই আমন্ত্রণ গ্রহণ করে অভিভাবক হিসেবে নিশ্চিত করতে হবে। সাত দিনের মধ্যে সাড়া না দিলে আবার আমন্ত্রণ পাঠানো যাবে। এরপরও সাড়া না পেলে জন্মনিবন্ধন সনদের মতো অতিরিক্ত তথ্য দেওয়ার সুযোগ থাকতে পারে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন