এআই দৌড়ে হারানো শীর্ষস্থান ফিরে পেতে ওপেনএআইয়ের নতুন কৌশল
নতুন এআই মডেল ‘জিপিটি-৬ অ্যাস্ট্রা’ উন্মোচন করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির দাবি, সফটওয়্যার প্রকৌশল, বিজ্ঞান ও সাইবার নিরাপত্তায় মডেলটি বাজারের অন্য শীর্ষ এআই মডেলগুলোর চেয়ে এগিয়ে। এর মাধ্যমে প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিককে পেছনে ফেলে এআই খাতে নেতৃত্বে ফেরার বার্তা দিয়েছে প্রতিষ্ঠানটি।
ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআইয়ের প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান অ্যাস্ট্রাকে সক্ষমতার ক্ষেত্রে ‘প্রজন্মান্তরের পরিবর্তন’ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, মডেলটিকে কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বা এজিআইয়ের পর্যায়েও বিবেচনা করা যেতে পারে। এজিআই বলতে বিভিন্ন জ্ঞানভিত্তিক কাজে মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে এমন এআইকে বোঝায়।
২০২২ সালের শেষ দিকে চ্যাটজিপিটি উন্মোচনের পর এআই খাতে নেতৃত্বে ছিল ওপেনএআই। তবে চলতি বছর অ্যানথ্রপিকের শক্তিশালী মডেলগুলোর কারণে সেই অবস্থান চ্যালেঞ্জের মুখে পড়ে। অ্যানথ্রপিকের মূল্যায়ন বর্তমানে ৯৬৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
অ্যাস্ট্রার ব্যবহার খরচ অ্যানথ্রপিকের শীর্ষ মডেলের সমপর্যায়ের হবে। তবে ওপেনএআইয়ের দাবি, এটি আগের মডেলগুলোর তুলনায় বেশি দক্ষ। প্রথম পর্যায়ে অল্পসংখ্যক ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য মডেলটি উন্মুক্ত করা হবে এবং আগামী কয়েক দিনের মধ্যে আরও বিস্তৃতভাবে চালুর পরিকল্পনা রয়েছে।
ব্যবসায়িক কাজে অ্যাস্ট্রার সক্ষমতার কথাও জানিয়েছে ওপেনএআই। আর্থিক মডেল তৈরি, কর প্রস্তুত, তথ্য বিশ্লেষণ ও ফরম পূরণের মতো কাজে এটি ভালো ফল দেখিয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। তবে এআই এজেন্টের বাড়তে থাকা স্বায়ত্তশাসন নিয়ে সাইবার নিরাপত্তা ঝুঁকি নিয়েও উদ্বেগ রয়েছে।