ছবি সংরক্ষণে ইউএসবি না এসডি কার্ড, কোনটি ভালো
স্মার্টফোন বা কম্পিউটারে ছবি জমতে জমতে স্টোরেজ ভরে যাওয়া এখন খুব সাধারণ ঘটনা। পুরোনো ছবি মুছে না ফেলেই জায়গা খালি করতে অনেকেই ইউএসবি ড্রাইভ বা এসডি কার্ড ব্যবহার করেন। তবে প্রশ্ন হলো, ছবি সংরক্ষণের জন্য আসলে কোনটি বেশি ভালো। উত্তরটি নির্ভর করে আপনার ব্যবহার ও প্রয়োজনের ওপর।
দীর্ঘমেয়াদি সংরক্ষণে কোনোটিই আদর্শ নয়
ইউএসবি ড্রাইভ ও এসডি কার্ড দুটিই ফ্ল্যাশ স্টোরেজ প্রযুক্তির ওপর নির্ভরশীল। সাধারণভাবে এগুলোর আয়ু প্রায় ১০ বছর পর্যন্ত হতে পারে। তাই দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ছবি সংরক্ষণের জন্য হার্ডডিস্ক এখনো বেশি নির্ভরযোগ্য বিকল্প হিসেবে বিবেচিত হয়।
ইউএসবি ড্রাইভের সুবিধা
ইউএসবি ড্রাইভ ব্যবহার করা সহজ এবং প্রায় সব ডিভাইসেই এটি সংযুক্ত করা যায়। কম্পিউটার, টিভি বা অন্য ডিভাইসে ছবি স্থানান্তরের জন্য এটি বেশ সুবিধাজনক। দ্রুতগতির ইউএসবি প্রযুক্তির কারণে বড় ফাইলও দ্রুত কপি করা যায়। এখন ইউএসবি-সি ড্রাইভ সরাসরি স্মার্টফোনেও ব্যবহার করা সম্ভব, ফলে আলাদা করে কম্পিউটারের প্রয়োজন পড়ে না।

এসডি কার্ড কখন ভালো
স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এসডি কার্ড বেশ কার্যকর সমাধান। কার্ডটি ডিভাইসে ঢুকিয়েই ছবি সংরক্ষণ করা যায়, আলাদা কোনো সংযোগের ঝামেলা নেই। বিভিন্ন ক্ষমতা ও গতির এসডি কার্ড পাওয়া যায়, যা ছবি বা ভিডিও ধারণের জন্য উপযোগী। তবে ফাইল অন্য ডিভাইসে নিতে চাইলে কার্ড রিডারের প্রয়োজন হতে পারে।

গতি ও ব্যবহারভেদে পার্থক্য
ইউএসবি ড্রাইভ সাধারণত দ্রুত ফাইল স্থানান্তরের জন্য ভালো। অন্যদিকে এসডি কার্ড ক্যামেরা বা ফোনে সরাসরি ছবি সংরক্ষণের জন্য সুবিধাজনক। ভিডিও ধারণের ক্ষেত্রে উচ্চগতির এসডি কার্ড বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
কোনটি বেছে নেবেন
আপনি যদি বিভিন্ন ডিভাইসের মধ্যে ছবি স্থানান্তর করতে চান, তাহলে ইউএসবি ড্রাইভ ভালো পছন্দ। আর যদি ফোন বা ক্যামেরার স্টোরেজ বাড়াতে চান, তাহলে এসডি কার্ড বেশি উপযোগী। তবে দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ছবি সংরক্ষণের জন্য আলাদা ব্যাকআপ রাখা সব সময়ই নিরাপদ।
সব মিলিয়ে, ইউএসবি ও এসডি কার্ডের আলাদা সুবিধা রয়েছে। নিজের প্রয়োজন বুঝে সঠিকটি বেছে নিলেই মিলবে সর্বোচ্চ সুবিধা।
সূত্র : বিজিআর