অবহেলিত টিভি পোর্টেই লুকিয়ে আছে উন্নত হোম অটোমেশনের সমাধান

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ৮ জুন ২০২৬, ১৩:১৩

অবহেলিত টিভি পোর্টেই লুকিয়ে আছে উন্নত হোম অটোমেশনের সমাধান

আধুনিক স্মার্ট টিভির পেছনে থাকা RS-232 সিরিয়াল পোর্ট সাধারণ ব্যবহারকারীদের কাছে প্রায় অজানা হলেও এটি দিয়ে উন্নত অটোমেশন, নির্ভুল নিয়ন্ত্রণ এবং মাল্টি রুম কনটেন্ট ব্যবস্থাপনা তৈরি করা সম্ভব। এই পোর্ট এখন ঘরোয়া স্মার্ট হোম সেটআপেও ধীরে ধীরে গুরুত্ব পাচ্ছে, বিশেষ করে প্রযুক্তি-জ্ঞানসম্পন্ন ব্যবহারকারীদের মধ্যে।

RS-232 সিরিয়াল পোর্ট কী এবং এটি কী করে?

টিভির পেছনে থাকা ৯-পিনের এই পোর্টটি মূলত RS-232 সিরিয়াল কানেকশন নামে পরিচিত। এটি সাধারণত কারখানা বা সার্ভিস সেন্টারে টিভির পারফরম্যান্স পরীক্ষা, সফটওয়্যার ডিবাগিং এবং হার্ডওয়্যার সমস্যার নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়।

প্রযুক্তিবিদরা বিশেষ ডিভাইস ব্যবহার করে এই পোর্টের মাধ্যমে সিগন্যাল শক্তি, সফটওয়্যার ত্রুটি এবং বৈদ্যুতিক সমস্যা পরীক্ষা করেন। তবে এর ব্যবহার শুধু পেশাদার ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বড় বড় বাণিজ্যিক পরিবেশে একাধিক স্ক্রিনে একই কনটেন্ট প্রদর্শনের কাজেও এটি ব্যবহৃত হয়।

বিমানবন্দর, হাসপাতাল বা অফিসে যেখানে একাধিক স্ক্রিনে একই বার্তা বা বিজ্ঞাপন একসঙ্গে চালানো হয়, সেখানে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়।

কোন কোন টিভিতে RS-232 পোর্ট থাকে?

সব টিভিতে এই পোর্ট থাকে না। সাধারণত উচ্চমানের বা বাণিজ্যিক ব্যবহারের জন্য তৈরি টিভিগুলোতে এটি দেখা যায়। কিছু মধ্যম মানের ব্র্যান্ডের নির্দিষ্ট মডেলে এটি থাকতে পারে, তবে কম দামের সাধারণ টিভিতে এটি প্রায় অনুপস্থিত।

উচ্চমানের হোম থিয়েটার বা পেশাদার সেটআপে ব্যবহারের জন্য তৈরি টিভিগুলোতেই এই পোর্ট বেশি দেখা যায়, কারণ এগুলো নিয়ন্ত্রণ ও অটোমেশনের জন্য বেশি নমনীয়।

ঘরে বসে আরএস-২৩২ পোর্ট ব্যবহার কীভাবে করা যায়?

এই পোর্ট ব্যবহার করা সাধারণ ব্যবহারকারীদের জন্য সহজ নয়। এটি ব্যবহার করতে হলে কিছু প্রযুক্তিগত জ্ঞান এবং প্রোগ্রামিং দক্ষতা প্রয়োজন হয়।

সাধারণত একটি RS-232 কেবল বা অ্যাডাপ্টার এবং একটি কম্পিউটার প্রয়োজন হয়। এরপর টিভিকে কম্পিউটারের সঙ্গে যুক্ত করে নির্দিষ্ট কোড বা নির্দেশনার মাধ্যমে কনটেন্ট নিয়ন্ত্রণ করা যায়।

আরও উন্নত সেটআপে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করা হয়, যেখানে একটি মাত্র সিস্টেম থেকে একাধিক টিভি, ইনপুট এবং আউটপুট নিয়ন্ত্রণ করা যায়। এর মাধ্যমে সময় নির্ধারণ করে ভিডিও চালানো বা বিভিন্ন কক্ষে ভিন্ন ভিন্ন কনটেন্ট পাঠানো সম্ভব।

প্রোগ্রামিং ভাষা ও সিস্টেম ইন্টিগ্রেশন

এই ধরনের সিস্টেমে ব্যবহৃত সফটওয়্যার এবং ডিভাইস অনুযায়ী প্রোগ্রামিং ভাষা ভিন্ন হতে পারে। কিছু ক্ষেত্রে পাইথন, জাভা, সি শার্প বা এইচটিএমএল ভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করা হয়।

ব্যবহারকারীদের নিজেদের সেটআপ অনুযায়ী কমান্ড লিখে বা কনফিগার করে ডিভাইসগুলোকে নিয়ন্ত্রণ করতে হয়। অনেক সময় অনলাইন প্ল্যাটফর্ম বা ওপেন সোর্স নির্দেশিকা ব্যবহার করে নির্দিষ্ট ব্র্যান্ডের জন্য আলাদা নিয়ন্ত্রণ মডিউল তৈরি করা যায়।

ঘরে ব্যবহার ও সমস্যার সমাধান

RS-232 পোর্টের মাধ্যমে টিভির অবস্থা পর্যবেক্ষণের জন্য ছোট আকারের সিগন্যাল টেস্টারও পাওয়া যায়, যার দাম তুলনামূলকভাবে কম। এগুলো উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স সিস্টেমের সঙ্গে ব্যবহারযোগ্য।

এই টেস্টার দিয়ে পোর্টের পিন ঠিক আছে কি না, সিগন্যাল শক্তি কেমন এবং কম্পিউটারের সঙ্গে যোগাযোগ ঠিকভাবে হচ্ছে কি না তা পরীক্ষা করা যায়। কোনো সমস্যা থাকলে বিস্তারিত তথ্য পাওয়া যায়, যা দ্রুত সমাধানে সাহায্য করে।

হোম অ্যাসিস্ট্যান্ট বা উন্নত স্মার্ট হোম সিস্টেম ব্যবহারকারীদের জন্য RS-232 পোর্ট একটি শক্তিশালী মাধ্যম হতে পারে। এটি ইনফ্রারেড রিমোট বা সিইসি প্রযুক্তির তুলনায় বেশি নির্ভরযোগ্য হলেও সেটআপ করা তুলনামূলকভাবে জটিল এবং সময়সাপেক্ষ।

সূত্র : জেডিনেট ডটকম

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন