ট্যাবলেটের ইউএসবি-সি পোর্টের অজানা ৫ ব্যবহার
অ্যান্ড্রয়েড ট্যাবলেটের ইউএসবি-সি পোর্টকে আমরা সাধারণত শুধু চার্জ দেওয়ার জন্যই ব্যবহার করি। কিন্তু এই ছোট পোর্টটির ভেতরে লুকিয়ে আছে অনেক বড় সম্ভাবনা। দ্রুত চার্জিং ও সহজ সংযোগের পাশাপাশি এটি ট্যাবলেটকে আরও কার্যকর কাজের ডিভাইসে রূপ দিতে পারে। অনেকেই জানেন না, সঠিকভাবে ব্যবহার করলে ইউএসবি-সি পোর্ট দিয়ে ট্যাবলেটের অভিজ্ঞতা পুরো বদলে যেতে পারে।
সহজে স্টোরেজ বাড়ানো
অনেক ট্যাবলেটেই স্টোরেজ সীমিত থাকে। ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে অ্যাপ, ছবি ও ভিডিও জমে জায়গা কমে যায়। ইউএসবি-সি পোর্টে ফ্ল্যাশ ড্রাইভ সংযুক্ত করলে সহজেই অতিরিক্ত স্টোরেজ ব্যবহার করা যায়। ফাইল দেখা, কপি করা বা স্থানান্তর করা খুবই সহজ।

তারযুক্ত ইন্টারনেট ব্যবহার
ওয়াই-ফাই সব সময় স্থিতিশীল নয়। বিশেষ করে গেমিং বা বড় ফাইল ডাউনলোডের সময় সমস্যা দেখা দেয়। ইউএসবি-সি পোর্টে ইথারনেট অ্যাডাপ্টার ব্যবহার করে সরাসরি ল্যান সংযোগ নেওয়া যায়। এতে ইন্টারনেট হয় দ্রুত ও নির্ভরযোগ্য।

বড় স্ক্রিনে ডিসপ্লে দেখানো
ট্যাবলেটের স্ক্রিন তুলনামূলক বড় হলেও টিভি বা মনিটরের মতো নয়। ইউএসবি-সি থেকে এইচডিএমআই অ্যাডাপ্টার ব্যবহার করে সহজেই ট্যাবলেটের স্ক্রিন বড় পর্দায় দেখা যায়। ভিডিও দেখা, প্রেজেন্টেশন বা মাল্টিটাস্কিংয়ের জন্য এটি বেশ কার্যকর।

অন্য ডিভাইস চার্জ দেওয়া
ইউএসবি-সি পোর্ট দিয়ে শুধু ট্যাবলেট চার্জ নেওয়া নয়, অন্য ডিভাইসেও চার্জ দেওয়া যায়। স্মার্টফোন, ইয়ারবাড বা স্মার্টওয়াচ কেবল দিয়ে সংযুক্ত করলেই চার্জ শুরু হতে পারে। জরুরি পরিস্থিতিতে এটি বেশ কাজে আসে।

বিভিন্ন ডিভাইস সংযোগ
কিবোর্ড, মাউস, গেমিং কন্ট্রোলার বা মাইক্রোফোনসহ নানা ডিভাইস ইউএসবি-সি পোর্টে যুক্ত করা যায়। এতে ট্যাবলেট ব্যবহার অনেকটাই কম্পিউটারের মতো হয়ে ওঠে। একাধিক ডিভাইস একসঙ্গে ব্যবহার করতে ইউএসবি-সি হাবও কাজে লাগে।

সব মিলিয়ে, ইউএসবি-সি পোর্ট শুধু চার্জিংয়ের জন্য নয়। এর সঠিক ব্যবহার জানলে ট্যাবলেটকে আরও শক্তিশালী ও বহুমুখী ডিভাইসে রূপ দেওয়া সম্ভব।
সূত্র : বিজিআর