হোয়াটসঅ্যাপে প্রতারণা মোকাবিলায় নতুন ৬ নিরাপত্তা ব্যবস্থা
অনলাইন প্রতারণা দিন দিন আরও জটিল ও কৌশলী হয়ে উঠছে। ভুয়া পরিচয় ব্যবহার করে কখনও সরকারি কর্মকর্তা, কখনও প্রতিষ্ঠান আবার কখনও পরিচিতজন সেজে ব্যবহারকারীদের কাছ থেকে তথ্য বা টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। এককালীন পাসওয়ার্ড, জরুরি অর্থপ্রদানের অনুরোধ কিংবা ভুয়া সতর্কবার্তার মাধ্যমে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এসব ঝুঁকি মোকাবিলায় তারা একাধিক নতুন নিরাপত্তা ফিচার যুক্ত করেছে, যা ব্যবহারকারীদের প্রতারণা শনাক্ত ও নিয়ন্ত্রণে সহায়তা করবে।
অপরিচিত কল এড়িয়ে চলা
‘সাইলেন্স আননোন কলারস’ ফিচারের মাধ্যমে সংরক্ষিত নয় এমন নম্বর থেকে আসা স্প্যাম ও প্রতারণামূলক কল স্বয়ংক্রিয়ভাবে নীরব করা হয়। এসব কল কল-তালিকায় দেখা গেলেও সরাসরি বিরক্ত করবে না ব্যবহারকারীকে।
চ্যাটে পরিচয় যাচাই তথ্য
‘কনটেক্সট কার্ড’ ফিচার চ্যাট ও গ্রুপে অতিরিক্ত তথ্য দেখায়। কোন নম্বর সংরক্ষিত কি না, গ্রুপে কিভাবে যুক্ত হয়েছে, অ্যাকাউন্ট নতুন কি না বা বিদেশি নম্বর কি না, এসব তথ্য দেখে ব্যবহারকারী সহজেই সতর্ক হতে পারেন।
স্ক্রিন শেয়ার সতর্কবার্তা
প্রতারণার একটি বড় কৌশল হলো ভিডিও কলে স্ক্রিন শেয়ার করানো। এই ঝুঁকি কমাতে এখন অপরিচিত কন্টাক্টের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সময় সতর্কবার্তা দেখানো হয়, যাতে ব্যবহারকারী ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি বুঝতে পারেন।
ডিভাইস লিংকিং সতর্কতা
প্রতারকরা অনেক সময় ব্যবহারকারীর অজান্তে অন্য ডিভাইস যুক্ত করার চেষ্টা করে। নতুন ডিভাইস লিংকিং ওয়ার্নিং ফিচার সন্দেহজনক অনুরোধ শনাক্ত করে আগেই ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।
দুই স্তরে যাচাই ব্যবস্থা
অ্যাকাউন্ট সুরক্ষায় দুই ধাপ যাচাই ব্যবস্থা যুক্ত রয়েছে। এখানে নতুন করে লগইন বা যাচাইয়ের সময় ছয় অঙ্কের পিন দিতে হয়, যা অননুমোদিত প্রবেশ ঠেকাতে সাহায্য করে।
সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা
নতুন নিরাপত্তা ফিচারগুলো ব্যবহারকারীদের প্রতারণা থেকে সুরক্ষিত রাখতে হোয়াটসঅ্যাপের একটি সমন্বিত প্রচেষ্টা। এতে ব্যবহারকারীরা আরও নিয়ন্ত্রণ ও সচেতনতার সঙ্গে প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন।