পানি সংকটে অনিশ্চয়তায় স্পেসএক্সের ডেটা সেন্টার পরিকল্পনা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১২:২৫

পানি সংকটে অনিশ্চয়তায় স্পেসএক্সের ডেটা সেন্টার পরিকল্পনা

কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো সম্প্রসারণে এবার নতুন ঝুঁকির কথা জানাল স্পেসএক্স। বিদ্যুৎ বা চিপের ঘাটতির পাশাপাশি ডেটা সেন্টার পরিচালনায় পানির প্রাপ্যতাও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আইপিও-সংক্রান্ত নথির সংশোধিত সংস্করণে বিনিয়োগকারীদের জন্য এই সতর্কবার্তা যুক্ত করা হয়েছে।

সোমবার (১ জুন) প্রকাশিত হালনাগাদ নথিতে স্পেসএক্স জানায়, বড় পরিসরের ডেটা সেন্টার পরিচালনায় বিপুল পরিমাণ পানি প্রয়োজন হয়, বিশেষ করে কুলিং ব্যবস্থার জন্য। ফলে কোথায় ডেটা সেন্টার স্থাপন করা হবে, সেই সিদ্ধান্তেও পানির প্রাপ্যতা এখন গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এর আগে প্রতিষ্ঠানটি মূলত বিদ্যুতের প্রাপ্যতা, নির্মাণে দীর্ঘ সময় এবং উপকরণ ঘাটতিকে বড় সীমাবদ্ধতা হিসেবে উল্লেখ করেছিল। তবে নতুন নথিতে স্পষ্ট করে বলা হয়েছে, অর্থনৈতিকভাবে সাশ্রয়ী দামে বিদ্যুৎ ও পানির প্রাপ্যতা ডেটা সেন্টার সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ শর্ত।

স্পেসএক্স আরও জানায়, পানি সংকট, খরা পরিস্থিতি, স্থানীয় পানিসম্পদের ওপর প্রতিযোগিতা কিংবা নিয়ন্ত্রক বিধিনিষেধ ডেটা সেন্টারের কুলিং সক্ষমতা সীমিত করতে পারে। এতে ব্যয় বাড়তে পারে, অবকাঠামো সম্প্রসারণ বিলম্বিত হতে পারে, এমনকি বিকল্প কুলিং প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন হতে পারে, যা আরও ব্যয়বহুল।

বিশ্বজুড়ে ডেটা সেন্টারের পানি ব্যবহার নিয়ে যখন বিতর্ক বাড়ছে, তখন এই সতর্কবার্তা বিশেষ গুরুত্ব পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনেক অঞ্চলে খরার ঝুঁকি বাড়ছে, যা প্রযুক্তি অবকাঠামোর ভবিষ্যৎ পরিকল্পনাকেও প্রভাবিত করছে।

স্পেসএক্স কেন হঠাৎ করে পানি নিয়ে এই সতর্কতা যুক্ত করল, তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রক সংস্থার প্রশ্ন বা পরামর্শের ভিত্তিতেই এই পরিবর্তন আনা হয়েছে। আইপিও পরবর্তী সময়ে এসব নথি প্রকাশ হলে বিষয়টি আরও পরিষ্কার হতে পারে।

একই সঙ্গে সংশোধিত নথিতে আরও কিছু তথ্য যোগ করেছে প্রতিষ্ঠানটি। আইপিওতে বিক্রির জন্য নির্ধারিত শেয়ারের একটি অংশ কর্মী ও কর্মকর্তাদের জন্য সংরক্ষণের পরিকল্পনাও রয়েছে। ভবিষ্যতে বড় পরিমাণ নতুন শেয়ার ইস্যুর সম্ভাবনার কথাও জানানো হয়েছে, যা বিদ্যমান শেয়ারহোল্ডারদের অংশীদারত্বে প্রভাব ফেলতে পারে।

সূত্র : টেকক্রাঞ্চ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন