মেটার এআই সহায়তায় ত্রুটি, ঝুঁকিতে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১৩:১৬

মেটার এআই সহায়তায় ত্রুটি, ঝুঁকিতে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা

এআইভিত্তিক সহায়তা ব্যবস্থার একটি ত্রুটির কারণে ইনস্টাগ্রামের একাধিক ব্যবহারকারীর অ্যাকাউন্ট ঝুঁকির মুখে পড়েছিল। ব্যবহারকারীদের অভিযোগের পর বিষয়টি স্বীকার করে সমস্যা সমাধানের কথা জানিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির এআই সহায়তা চ্যাটব্যবস্থাকে ফাঁকি দিয়েই এই অনুপ্রবেশ ঘটানো হয়েছিল বলে জানা গেছে।

গত শুক্র ও শনিবার রেডিট ও এক্সে কয়েকজন ব্যবহারকারী দাবি করেন, তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হঠাৎই অন্যের নিয়ন্ত্রণে চলে গেছে। আক্রান্তদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক হোয়াইট হাউসের একটি পুরোনো অ্যাকাউন্ট এবং মার্কিন স্পেস ফোর্সের একজন শীর্ষ কর্মকর্তার অ্যাকাউন্টও ছিল। নিরাপত্তা গবেষক জেন ওয়ংও নিজের অ্যাকাউন্ট দখল হওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আক্রমণকারীরা প্রথমে ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে নিজেদের অবস্থান ভিন্নভাবে দেখায়, যাতে স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় না হয়। এরপর তারা মেটার এআই সহায়তা চ্যাটে যোগাযোগ করে লক্ষ্যবস্তু অ্যাকাউন্টে নতুন ই-মেইল যুক্ত করার অনুরোধ জানায়। চ্যাটব্যবস্থা সেই ই-মেইলে যাচাইকরণ কোড পাঠায় এবং কোডটি নিশ্চিত করার পর পাসওয়ার্ড পুনর্নির্ধারণের সুযোগ দেয়। এভাবেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া সম্ভব হয়

উদ্বেগজনক বিষয় হলো, এই প্রক্রিয়ায় আক্রমণকারীদের মূল ইমেইল অ্যাকাউন্টে প্রবেশের প্রয়োজন হয়নি। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যমের যাচাইয়েও দেখা গেছে, ভিডিওতে দেখানো পদ্ধতিতে কোড পাওয়া যাচ্ছিল।

পরবর্তীতে মেটার এক মুখপাত্র জানান, সমস্যাটি ইতোমধ্যে সমাধান করা হয়েছে। তবে কতজন ব্যবহারকারী এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, এআইনির্ভর স্বয়ংক্রিয় সহায়তা ব্যবস্থায় মানবিক যাচাইয়ের ঘাটতি থাকলে এমন ঝুঁকি ভবিষ্যতেও দেখা দিতে পারে। ফলে নিরাপত্তা জোরদারে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আরও সতর্ক হওয়া প্রয়োজন।

সূত্র : টেকক্রাঞ্চ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন