রাউটার নষ্ট হওয়ার আগে যে লক্ষণগুলো দেখা যায়
ইন্টারনেট নির্ভরতা বাড়ার সঙ্গে সঙ্গে রাউটার এখন ঘরের গুরুত্বপূর্ণ একটি ডিভাইস হয়ে উঠেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেকোনো ইলেকট্রনিক ডিভাইসের মতো রাউটারও দুর্বল হয়ে পড়ে। সাধারণত তিন থেকে চার বছর ব্যবহারের পর রাউটারের কার্যক্ষমতা কমতে শুরু করে। তবে কিছু নির্দিষ্ট লক্ষণ দেখে আগে থেকেই বোঝা যায় রাউটার নষ্ট হওয়ার পথে।
অতিরিক্ত গরম হয়ে যাওয়া
রাউটার স্বাভাবিকভাবে ঠান্ডা পরিবেশে কাজ করার কথা। কিন্তু যদি দেখা যায় রাউটার অস্বাভাবিকভাবে গরম হচ্ছে, তাহলে বুঝতে হবে ভেতরের হার্ডওয়্যার অতিরিক্ত চাপ নিচ্ছে। এটি রাউটারের আয়ু কমে যাওয়ার একটি বড় ইঙ্গিত।

সংযোগে সমস্যা ও ধীর গতি
ইন্টারনেট হঠাৎ ধীর হয়ে যাওয়া, বারবার সংযোগ বিচ্ছিন্ন হওয়া বা ভিডিও স্ট্রিমিংয়ে বারবার বাফারিং হওয়া রাউটারের সমস্যার লক্ষণ হতে পারে। অনেক সময় ডেটা প্যাকেট ঠিকভাবে পৌঁছাতে না পারায় এই সমস্যা দেখা দেয়। রিস্টার্ট করলে সাময়িকভাবে সমাধান মিললেও এটি স্থায়ী সমাধান নয়।

একাধিক ডিভাইস ব্যবহারে সমস্যা
একসঙ্গে একাধিক ডিভাইস যুক্ত করলে যদি নেটওয়ার্ক দুর্বল হয়ে যায় বা সংযোগ বিচ্ছিন্ন হয়, তাহলে রাউটার চাপ নিতে পারছে না বোঝা যায়। পুরোনো বা দুর্বল রাউটারের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়, যেখানে নতুন রাউটার তুলনামূলকভাবে অনেক বেশি ডিভাইস সামলাতে সক্ষম।

ফার্মওয়্যার আপডেট না হওয়া
রাউটারের সফটওয়্যার বা ফার্মওয়্যার আপডেট না পাওয়া বা ঠিকভাবে ইনস্টল না হওয়াও একটি সতর্ক সংকেত। অনেক সময় নির্মাতা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময় পর পুরোনো মডেলের জন্য আপডেট বন্ধ করে দেয়। তখন রাউটারটি ধীরে ধীরে অচল হয়ে পড়ার পথে যায়।
এসব লক্ষণ দেখা দিলে বুঝতে হবে রাউটারটি আর আগের মতো কার্যক্ষম নেই। তখন সময়মতো নতুন রাউটার ব্যবহার শুরু করলে ইন্টারনেট ব্যবহারে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব।