সার্কেলের আগমণে এয়ারটেলের বিদায়

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১৫:৩৪

সার্কেলের আগমণে এয়ারটেলের বিদায়
ছবি: সংগৃহীত

দেশের মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন নামে যাত্রা শুরু করছে। এখন থেকে ব্র্যান্ডটি ‘সার্কেল’ নামে পরিচিত হবে। আজ (১৭ আগস্ট, সোমবার) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন ব্র্যান্ড পরিচয় উন্মোচন করে রবি আজিয়াটা পিএলসি।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে ১৬ বছরের পথচলার পর এয়ারটেল নতুন পরিচয়ে সামনে এলেও গ্রাহকদের জন্য বিদ্যমান সেবা ও সুবিধায় কোনো পরিবর্তন আসছে না। নাম বদলালেও ব্র্যান্ডের মূল প্রতিশ্রুতি ও গ্রাহকসেবার ধারাবাহিকতা আগের মতোই থাকবে।

এয়ারটেল থেকে সার্কেল

রবির তথ্য অনুযায়ী, এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ‘সার্কেল’-এর গ্রাহক হিসেবে অন্তর্ভুক্ত হবেন। এজন্য আলাদা কোনো নিবন্ধন বা প্রক্রিয়ার প্রয়োজন হবে না। গ্রাহকদের ব্যবহৃত ০১৬ নম্বর, সিম, প্যাকেজ ও ব্যালান্সও অপরিবর্তিত থাকবে।

একই সঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেনের তথ্য এবং গ্রাহকদের সংরক্ষিত ডেটাতেও কোনো ধরনের পরিবর্তন আসবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এসব সেবা আগের মতোই সচল ও নিরাপদ থাকবে।

অপরিবর্তিত থাকছে নম্বর ও সিম

রবি জানিয়েছে, এয়ারটেলের দীর্ঘদিনের তারুণ্যকেন্দ্রিক অবস্থানকে ভিত্তি করেই ‘সার্কেল’ ব্র্যান্ড গড়ে তোলা হয়েছে। নতুন পরিচয়ের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ভবিষ্যতমুখী প্রযুক্তিনির্ভর বিভিন্ন ডিজিটাল সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

প্রতিষ্ঠানটির লক্ষ্য সাশ্রয়ী ও আধুনিক ডিজিটাল সেবা আরও সহজভাবে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া। বিশেষ করে বিনোদন, গেমিং, কনটেন্ট নির্মাণ এবং তরুণদের দৈনন্দিন ডিজিটাল কর্মকাণ্ডে উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করার দিকে গুরুত্ব দেওয়া হবে।

এআইভিত্তিক সেবার ইঙ্গিত

নতুন ব্র্যান্ডের মূল বার্তা নির্ধারণ করা হয়েছে ‘আসল সংযোগ, সবসময় সচল’। রবি বলছে, মানুষের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, কমিউনিটি ও অভিজ্ঞতার সঙ্গে আরও অর্থবহ সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করাই ‘সার্কেল’-এর অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, গত ১৬ বছরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে একসঙ্গে বেড়ে উঠেছে। ‘সার্কেল’ সেই যাত্রারই নতুন অধ্যায়।

তিনি বলেন, ব্র্যান্ডের নাম পরিবর্তিত হলেও গ্রাহকদের প্রতি অঙ্গীকার অপরিবর্তিত থাকবে। বর্তমান সময়ে শুধু নতুন মানুষকে সংযুক্ত করাই যথেষ্ট নয়, বিদ্যমান সংযোগগুলোকে আরও অর্থবহ ও কার্যকর করে তোলাও সমান গুরুত্বপূর্ণ।

নিরবচ্ছিন্ন সেবার আশ্বাস

ব্র্যান্ড পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় গ্রাহকসেবা স্বাভাবিক থাকবে বলে আশ্বস্ত করেছে রবি। এয়ারটেল ব্যবহারকারীদের কোনো ধরনের পদক্ষেপ নিতে হবে না

প্রতিষ্ঠানটি আরও জানায়, পরিবর্তিত ডিজিটাল বাস্তবতা এবং মানুষের ক্রমবর্ধমান সংযুক্ত জীবনধারার কথা বিবেচনায় রেখেই ‘সার্কেল’ ব্র্যান্ডের যাত্রা শুরু হচ্ছে। এয়ারটেলের তারুণ্যকেন্দ্রিক শক্তিকে ধরে রেখে নতুন ব্র্যান্ডটি উন্নত ডিজিটাল সক্ষমতা ও ভবিষ্যতমুখী সেবা নিয়ে এগিয়ে যেতে চায়।

রবির ভাষ্য, বাস্তব ও অর্থবহ সংযোগকে কেন্দ্র করে ‘সার্কেল’ বাংলাদেশের ডিজিটাল প্রজন্মের পরিবর্তিত চাহিদা পূরণে নতুন উদ্ভাবন ও প্রযুক্তিতে বিনিয়োগ অব্যাহত রাখবে। একই সঙ্গে তরুণদের নিজেদের গুরুত্বপূর্ণ মানুষ, কমিউনিটি ও সম্ভাবনার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হতে সহায়তা করবে ব্র্যান্ডটি।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন