‘ফেসবুক প্রোটেক্ট’ চালু করবেন যেভাবে

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ১৮:০৩

‘ফেসবুক প্রোটেক্ট’ চালু করবেন যেভাবে
ছবি : টাইমস অব ইন্ডিয়া

ফেসবুক ব্যবহার করার সময় হঠাৎ লগ-ইন সমস্যায় পড়েছেন? সমস্যার মূল কারণ হতে পারে আপনার অ্যাকাউন্টে ফেসবুক প্রোটেক্ট সক্রিয় না থাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এখন ব্যবহারকারীদের দুই ধাপের যাচাইকরণসহ ফেসবুক প্রোটেক্ট সক্রিয় করতে বলছে। যারা এই নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করছেন না, তাদের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে।

ফেসবুক সম্প্রতি একটি ই-মেইল পাঠিয়েছে, শিরোনাম ছিল, ‌‘ইউর অ্যাকাউন্ট রিকোয়ারস অ্যাডভান্সড সিকিউরিটি ফ্রম ফেসবুক প্রোটেক্ট’, যাতে ব্যবহারকারীদের আগামি ১৭ মার্চের মধ্যে ফেসবুক প্রোটেক্ট চালু করতে বলা হয়েছে।

ফেসবুক প্রোটেক্ট একটি নিরাপত্তা প্রোগ্রাম, যা উচ্চ ঝুঁকিপূর্ণ অ্যাকাউন্টগুলোর জন্য উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যকে সহজ করে তোলে। এর মাধ্যমে ব্যবহারকারীরা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, দুই ধাপের যাচাইকরণ এবং অন্যান্য নিরাপত্তা ফিচার সহজভাবে প্রয়োগ করতে পারে। এছাড়া এটি অ্যাকাউন্ট ও পেজের অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করে এবং সম্ভাব্য হ্যাকিং ঝুঁকি মনিটর করে।

যদি এখনও আপনার অ্যাকাউন্টে ফেসবুক প্রোটেক্ট চালু না করে থাকেন, তবে সহজ কয়েকটি ধাপ অনুসরণ করেই এটি চালু করা সম্ভব।

প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলুন। এরপর পেজের ডান পাশে থাকা ড্রপডাউন অ্যারোর ওপর ক্লিক করুন। এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি তে গিয়ে সেটিংস-এ ক্লিক করুন। সেখানে ফেসবুক প্রোটেক্ট অপশনে গিয়ে 'গেট স্টার্টেড' ক্লিক করুন।

পরবর্তী স্ক্রিনে স্বাগতম বার্তা দেখাবে, সেটিতে 'নেক্সট' ক্লিক করুন। এরপর ফেসবুক প্রোটেক্টের সুবিধাগুলো দেখাবে, আবার 'নেক্সট' ক্লিক করুন। ফেসবুক আপনার অ্যাকাউন্ট স্ক্যান করে সম্ভাব্য দুর্বলতা দেখাবে এবং কি ঠিক করতে হবে তা পরামর্শ দেবে। সাধারণভাবে যা ঠিক করতে হয়, তা হলো শক্তিশালী পাসওয়ার্ড নির্বাচন করা বা দুই ধাপের যাচাইকরণ চালু করা।

শেষে 'ফিক্স নাউ' ক্লিক করুন এবং স্ক্রিনে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে ফেসবুক প্রোটেক্ট চালু করুন।

এই প্রক্রিয়া সম্পন্ন করার পর আপনার অ্যাকাউন্ট আরও নিরাপদ হবে এবং হ্যাকিং বা প্রতারণার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে। ফেসবুক প্রোটেক্ট চালু করে ব্যবহারকারীরা সহজে নিজেদের তথ্য সুরক্ষিত রাখতে পারবেন।