টেলিভিশনের পর্দায় রিলস দেখার সুবিধা আনছে ইনস্টাগ্রাম
টেলিভিশনের বড় পর্দায় বসে ইনস্টাগ্রামের রিলস দেখার নতুন অভিজ্ঞতা দিতে পরীক্ষামূলক একটি অ্যাপ চালু করেছে ইনস্টাগ্রাম। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় শর্ট ভিডিও কনটেন্টকে ঘরোয়া বিনোদনের সঙ্গে যুক্ত করতেই এই উদ্যোগ নিয়েছে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি। দ্য হলিউড রিপোর্টারের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে এটি সীমিত পরিসরে পরীক্ষা করা হচ্ছে।
ইনস্টাগ্রাম জানিয়েছে, ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতেই টিভির জন্য আলাদা এই অ্যাপ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক ব্যবহারকারী পরিবার বা বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসে বড় পর্দায় রিলস দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই চাহিদার কথা মাথায় রেখে টেলিভিশনের উপযোগী অভিজ্ঞতা তৈরির চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। এতে রিলস দেখা আরও সামাজিক ও উপভোগ্য হবে বলে আশা করা হচ্ছে।
নতুন এই টিভি অ্যাপটি মোবাইল বা ট্যাবলেটে ব্যবহৃত ইনস্টাগ্রাম অ্যাপের মতো নয়। এখানে লগইন করার পর ব্যবহারকারীরা আগ্রহভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে সাজানো রিলস দেখতে পারবেন। নতুন গান, খেলাধুলার গুরুত্বপূর্ণ মুহূর্ত, ভ্রমণ কিংবা আলোচিত নানা বিষয় আলাদা চ্যানেলে ভাগ করা থাকবে। ফলে পছন্দের ভিডিও খুঁজে পাওয়া সহজ হবে এবং নতুন কনটেন্ট আবিষ্কারের সুযোগ বাড়বে।
অ্যাপটির হোম স্ক্রিনে ব্যবহারকারীর রুচি অনুযায়ী রিলসের ছোট ছোট ছবি দেখানো হবে। কোনো একটি ভিডিওতে ক্লিক করলে তা টেলিভিশনের পর্দাজুড়ে লম্বালম্বি ফরম্যাটে চলবে। ভিডিওর পাশে ক্যাপশন, লাইকসহ প্রয়োজনীয় তথ্য দেখা যাবে। একটির পর একটি রিলস দেখার জন্য স্ক্রল করার ব্যবস্থাও রাখা হয়েছে।
ইনস্টাগ্রাম ফর টিভি অ্যাপে সর্বোচ্চ পাঁচটি আলাদা অ্যাকাউন্ট যুক্ত করা যাবে। এতে পরিবারের সদস্যরা নিজ নিজ পছন্দ অনুযায়ী কনটেন্ট দেখতে পারবেন। প্রয়োজনে শুধু টিভির জন্য আলাদা একটি অ্যাকাউন্ট খোলার সুযোগও থাকবে। পাশাপাশি সার্চ অপশনের মাধ্যমে নির্দিষ্ট নির্মাতার প্রোফাইল খোঁজা ও ভিডিও দেখার সুবিধা যোগ করা হয়েছে।
অ্যাপটি আপাতত যুক্তরাষ্ট্রে অ্যামাজন ফায়ার টিভি ডিভাইসে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে ধাপে ধাপে অন্যান্য ডিভাইস ও দেশে এটি চালুর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে ফোনকে রিমোট হিসেবে ব্যবহার করা বা বন্ধুদের সঙ্গে শেয়ার করা ফিড যুক্ত করার মতো নতুন সুবিধা যোগ হতে পারে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।
সূত্র : দ্য হলিউড রিপোর্ট