এআই নিরাপত্তা গবেষণায় নতুন তহবিল গড়ছে যুক্তরাজ্য
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে তৈরি স্বাস্থ্য ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় প্রায় ৮০ কোটি মার্কিন ডলারের তহবিল ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। এ অর্থের বড় অংশ ব্যয় করা হবে জৈবিক হুমকি শনাক্তকরণ, রোগজীবাণু মোকাবিলার ব্যবস্থা তৈরি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর সাইবার নিরাপত্তা জোরদারে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার ঘোষিত এ কর্মসূচির জন্য প্রায় ৬০ কোটি পাউন্ড বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ১০ কোটি পাউন্ড ব্যয়ে এআইনির্ভর একটি পরীক্ষাগার স্থাপন করা হবে, যেখানে জৈবিক হুমকি শনাক্ত করা হবে। এ ছাড়া রোগজীবাণু মোকাবিলার উপায় উদ্ভাবনে ব্যয় হবে ৬ কোটি ৫০ লাখ পাউন্ড।
যুক্তরাজ্যের এআইবিষয়ক মন্ত্রী কানিশকা নারায়ণ বলেন, এআই বায়োসিকিউরিটি ল্যাবকে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। উদীয়মান জৈবিক হুমকি থেকে মানুষকে সুরক্ষিত রাখতে বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের দক্ষতা কাজে লাগানো হবে।
এআই ও সাইবার নিরাপত্তায় বাড়তি বরাদ্দ
এআইনির্ভর জৈবিক নিরাপত্তা উদ্যোগে সর্বোচ্চ ২০ কোটি পাউন্ডের এআই মডেল ব্যবহারের ক্রেডিট দেবে ওপেনএআই ও অ্যানথ্রপিক। গুগল ডিপমাইন্ড এবং যুক্তরাজ্যভিত্তিক এআই ও জীবনবিজ্ঞানবিষয়ক স্টার্টআপ বেসক্যাম্প রিসার্চও এ উদ্যোগে সহায়তা করবে।
যুক্তরাজ্যের বিদ্যমান এআই সিকিউরিটি ইনস্টিটিউটের জন্য অতিরিক্ত ১২ কোটি পাউন্ড বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ অবকাঠামো ও অর্থনীতির অন্যান্য খাতের সাইবার প্রতিরক্ষা উন্নয়নে ১৩ কোটি পাউন্ড ব্যয় করা হবে। এ অর্থে ন্যাশনাল সাইবার শিল্ড এবং ন্যাশনাল এক্সপোজার অ্যান্ড রিয়েল-টাইম ভালনারেবিলিটি সেন্টার নামে দুটি উদ্যোগ নেওয়া হবে।
গবেষণা ও শিল্প খাতেও বিনিয়োগ
এআই ব্যবহার করে রোবোটিকস, স্বয়ংক্রিয় ব্যবস্থা ও উৎপাদন খাতের উন্নয়নে কাজ করা ব্রিটিশ কোম্পানিগুলোকে সহায়তা দিতে ৬ কোটি পাউন্ডের তহবিল গঠন করা হবে। এ ছাড়া এআই গবেষণা ও সরকারি ক্রয়চুক্তিতে ৬ কোটি পাউন্ড এবং এআইয়ের অর্থনৈতিক প্রভাব নিয়ে গবেষণায় আরও ২ কোটি ৩০ লাখ পাউন্ড বরাদ্দ দেওয়া হবে।
চিপ নকশা শেখানোর জন্য নতুন একাডেমি প্রতিষ্ঠায় ১ কোটি ৮০ লাখ পাউন্ড এবং জননীতির সমস্যা সমাধানে এআইভিত্তিক উদ্যোগের জন্য পুরস্কার দিতে ১ কোটি ৫০ লাখ পাউন্ড ব্যয় করা হবে। পুরস্কার কর্মসূচির প্রাথমিক লক্ষ্য থাকবে স্বাস্থ্যসেবা খাত। পাশাপাশি আঞ্চলিক পর্যায়ে এআই কার্যক্রমে সহায়তা দিতে মেয়রদের জন্য ৩ কোটি পাউন্ড রাখা হয়েছে।
এ ছাড়া যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের ম্যানচেস্টার কার্যক্রম সম্প্রসারণেও অর্থ দেওয়া হবে। তবে এ ক্ষেত্রে বরাদ্দের পরিমাণ নির্দিষ্ট করে জানানো হয়নি।