২০২৭-২৮ মেয়াদের নির্বাচন পরিচালনায় বোর্ড গঠন করল বিএসআইএ
বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ) নির্বাহী পরিষদের ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) সাবেক সভাপতি এবং বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন)-এর চেয়ারম্যান সৈয়দ আলমাস কবীরকে।
৭ অক্টোবর বিএসআইএর সভাপতি এম এ জব্বারের স্বাক্ষর করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিএসআইএর নির্বাহী পরিষদ সৈয়দ আলমাস কবীরকে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছে। তিনি প্রস্তাব গ্রহণ করে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন।
নির্বাচন বোর্ডের অন্য দুই সদস্য হলেন জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) সাবেক সভাপতি তারেক রাফি ভূঁইয়া (জুন) এবং অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরামর্শক ড. এম এমদাদুল হক।
এদিকে, তিন সদস্যের নির্বাচনের আপিল বোর্ডও গঠন করা হয়েছে। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আশরাফ আহমেদকে। আপিল বোর্ডের অন্য দুই সদস্য হলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) পরিচালক তানভীর আহমেদ এবং অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরামর্শক এএনএম শফিকুল ইসলাম।
বিএসআইএর নির্বাহী পরিষদের ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচন ২০২৭ সালের জানুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য তারিখ হিসেবে ২৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সেমিকন্ডাক্টর শিল্পের প্রচার ও উন্নয়নে কাজ করে বিএসআইএ। সংগঠনটির লক্ষ্য দেশের সেমিকন্ডাক্টর উৎপাদন ও নকশা সক্ষমতা বাড়ানো, উদ্ভাবন ত্বরান্বিত করা এবং বৈশ্বিক প্রযুক্তি বাজারে দেশীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানো।
এ ছাড়া আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি এবং সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে সহায়ক নীতিমালার পক্ষে কাজ করে সংগঠনটি। বৈশ্বিক সেমিকন্ডাক্টর ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী করাও বিএসআইএর অন্যতম লক্ষ্য।