কমেন্ট থেকে আয় বাড়াতে নির্মাতাদের নতুন সুবিধা দিচ্ছে ইউটিউব

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৫

কমেন্ট থেকে আয় বাড়াতে নির্মাতাদের নতুন সুবিধা দিচ্ছে ইউটিউব

ইউটিউবের কমেন্ট ও ফ্যান কমিউনিটিতে নতুন কয়েকটি সুবিধা যুক্ত হচ্ছে। এর মাধ্যমে দর্শকেরা জিআইএফ দিয়ে মন্তব্যের উত্তর দিতে পারবেন এবং টিভিতে ইউটিউব দেখার সময় ভয়েস কমান্ড ব্যবহার করে কমেন্ট করতে পারবেন। পাশাপাশি নির্মাতাদের জন্য অর্থের বিনিময়ে সদস্যদের নিয়ে আলাদা কমিউনিটি তৈরি ও দর্শকদের কাছ থেকে আয়ের নতুন সুযোগ চালু করছে ইউটিউব।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে আয়োজিত ‘মেড অন ইউটিউব’ অনুষ্ঠানে এসব সুবিধার ঘোষণা দিয়েছে ইউটিউব। নির্মাতাদের জন্য ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী কমেন্ট নিয়ন্ত্রণের নতুন সুবিধাও পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।

অর্থের বিনিময়ে সদস্যদের জন্য আলাদা কমিউনিটি

চ্যানেল মেম্বারশিপ সুবিধায় পরিবর্তন আনছে ইউটিউব। অর্থের বিনিময়ে সদস্য হওয়া দর্শকদের জন্য আলাদা কমিউনিটি তৈরি করা যাবে। সেখানে সদস্যরা পোস্ট করতে ও নিজেদের মধ্যে আলোচনা করতে পারবেন।

এসব কমিউনিটি অন্য মেম্বারশিপ সুবিধার পাশাপাশি নতুন ‘চ্যানেল মেম্বারশিপ’ পাতায় দেখানো হবে। এর মাধ্যমে দর্শকেরা নিজেদের আগ্রহের সঙ্গে মিল আছে এমন কমিউনিটি খুঁজে নিতে পারবেন।

‘হাইপ’ সুবিধায় যুক্ত হচ্ছে ভার্চুয়াল মুদ্রা

ছোট নির্মাতাদের ভিডিও অন্য দর্শকদের কাছে পৌঁছাতে সহায়তা করা ‘হাইপ’ সুবিধাতেও পরিবর্তন আসছে। ‘হাইপ উইথ জুয়েলস’ নামে নতুন সুবিধায় দর্শকেরা ‘জুয়েলস’ নামের ভার্চুয়াল মুদ্রা কিনে আরও বেশি ভিডিও হাইপ করতে পারবেন।

এত দিন দর্শকেরা সপ্তাহে সর্বোচ্চ তিনবার বিনা মূল্যে ভিডিও হাইপ করতে পারতেন। নতুন ব্যবস্থায় ভিডিওর বিবরণে হাইপ করা দর্শকের অ্যাকাউন্টের নাম স্থায়ীভাবে যুক্ত থাকবে।

ইউটিউব জানিয়েছে, এখন পর্যন্ত দর্শকেরা ৭ কোটি ৫০ লাখের বেশি আলাদা ভিডিও ১০০ কোটির বেশি বার হাইপ করেছেন।

কমেন্টে জিআইএফ ও ভয়েস সুবিধা

ইউটিউবের কমেন্টে এখন জিআইএফ দিয়ে প্রতিক্রিয়া জানানো যাবে। টিভিতে ইউটিউব দেখার সময় রিমোটে টাইপ করার পরিবর্তে ভয়েস ব্যবহার করেও কমেন্ট করা যাবে।

নির্মাতাদের জন্য ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী কমেন্ট নিয়ন্ত্রণের নতুন সুবিধাও পরীক্ষা করছে ইউটিউব। বিশেষ করে সরাসরি সম্প্রচার চলার সময় বিপুলসংখ্যক কমেন্ট সামলাতে এই সুবিধা কাজে আসতে পারে। তবে এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং কীভাবে প্রযুক্তিটি কাজ করবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি।

গ্রুপ চ্যাটেও আসছে ভিডিও শেয়ার

পরিবার ও বন্ধুদের সঙ্গে ভিডিও শেয়ারের জন্য ইউটিউবের সরাসরি বার্তা পাঠানোর সুবিধায় আগামী কয়েক মাসের মধ্যে গ্রুপ চ্যাট যুক্ত হবে। ব্যবহারকারীরা এসব কথোপকথনে দ্রুত ধারণ করা ভিডিওও শেয়ার করতে পারবেন।

এসব সুবিধার পাশাপাশি নির্মাতাদের জন্য ভিডিওর বিভিন্ন সংস্করণ পরীক্ষা, স্বয়ংক্রিয়ভাবে সরাসরি সম্প্রচারের ভিডিও অন্য ভাষায় রূপান্তর এবং এআই-নির্ভর ভিডিও সম্পাদনার মতো নতুন টুলও চালু করছে ইউটিউব।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন