এআই এজেন্টের উপযোগী অপারেটিং সিস্টেম গড়তে চায় মাইক্রোসফট

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৫০

এআই এজেন্টের উপযোগী অপারেটিং সিস্টেম গড়তে চায় মাইক্রোসফট

উইন্ডোজকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্টের উপযোগী অপারেটিং সিস্টেমে রূপান্তর করতে চায় মাইক্রোসফট। এ জন্য কম্পিউটারে সরাসরি এআই মডেল চালানো, ক্লাউড ও স্থানীয় কম্পিউটিংয়ের সমন্বয় এবং উইন্ডোজে কোপাইলটের সংযুক্তি বাড়ানোর পরিকল্পনা তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি উইন্ডোজ ও সারফেসবিষয়ক এক অনুষ্ঠানে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা ও উইন্ডোজ বিভাগের প্রধান পবন দাভুলুরি এ পরিকল্পনা তুলে ধরেন। স্থানীয়ভাবে এআই মডেল চালানো গেলে ব্যয়বহুল ক্লাউড সেবার ওপর নির্ভরতা কমবে।

অনুষ্ঠানে কম্পিউটারে সরাসরি কোড তৈরিতে গিটহাব কোপাইলটের ব্যবহার, স্থানীয়ভাবে চালানো যায় এমন এআই মডেল এবং ওপেনক্ল, হারমিস ও পারপ্লেক্সিটির মতো এআই এজেন্টের প্রদর্শনী দেখানো হয়। তবে এসব সুবিধা সাধারণ ব্যবহারকারীদের কাজে কতটা লাগবে, তা নিয়ে প্রতিবেদক পুরোপুরি আশ্বস্ত হতে পারেননি।

স্থানীয় এআইয়ের জন্য শক্তিশালী ল্যাপটপ

মাইক্রোসফটের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ সারফেস ল্যাপটপ আলট্রা। এনভিডিয়ার আরটিএক্স স্পার্ক চিপযুক্ত এই ল্যাপটপে ১২ হাজার কোটি প্যারামিটারের বেশি আকারের এআই মডেল কম্পিউটারেই চালানো সম্ভব। এর দাম শুরু ২ হাজার ৫শ’ ৯৯ মার্কিন ডলার থেকে। আসুস, ডেল, এইচপি, লেনোভো ও এমএসআইও একই ধরনের ল্যাপটপ তৈরি করছে। এসব কম্পিউটারের দাম সর্বোচ্চ ৬ হাজার ৯শ’ ৯৯ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে।

বড় এআই মডেল চালানো এবং ক্লাউডের খরচ কমাতে আগ্রহী সফটওয়্যার নির্মাতা ও সৃজনশীল পেশাজীবীদের লক্ষ্য করে এসব কম্পিউটার তৈরি করা হয়েছে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধার ঘোষণা ছিল সীমিত।

উইন্ডোজ ১১-এর সার্চ ব্যবস্থায় নতুন নকশা আনার কথাও জানিয়েছে মাইক্রোসফট। এতে অনুসন্ধানের ফলাফল সরাসরি পর্দায় দেখা যাবে এবং আগের তুলনায় দ্রুত কাজ করবে।

সাধারণ ব্যবহারকারীদের জন্য চ্যালেঞ্জ

উইন্ডোজে এআই ব্যবহারের পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে। দুই বছর আগে চালু হওয়া কোপাইলট প্লাস পিসিতে এআইয়ের জন্য বিশেষভাবে তৈরি নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) চিপ থাকলেও এখন পর্যন্ত অল্প কয়েকটি ছবি, ভিডিও ও উৎপাদনশীলতাবিষয়ক সুবিধায় এর ব্যবহার দেখা গেছে। গোপনীয়তা নিয়ে উদ্বেগ ও চালু করতে দেরি হওয়ায় মাইক্রোসফটের রিকল সুবিধাটিও প্রত্যাশিত গুরুত্ব পায়নি।

দ্য ভার্জের বিশ্লেষণ অনুযায়ী, নতুন কম্পিউটারগুলো আপাতত নির্দিষ্ট ব্যবহারকারী গোষ্ঠীর জন্য উপযোগী। সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হলে কম দামের কম্পিউটারেও এ ধরনের সুবিধা আনতে হবে এবং সেগুলোর বাস্তব উপযোগিতা দেখাতে হবে।

ক্লাউডে লিনাক্সভিত্তিক ভার্চ্যুয়াল কম্পিউটারে চলা এআই এজেন্ট ভবিষ্যতে ডেস্কটপ অ্যাপ ব্যবহারের ধরন বদলে দিতে পারে। এ পরিস্থিতিতে পিসি বাজারে নিজেদের অবস্থান ও সফটওয়্যারের সঙ্গে সামঞ্জস্য ধরে রাখতে উইন্ডোজকে এআই এজেন্টের উপযোগী করে তোলার চেষ্টা করছে মাইক্রোসফট।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন