মেটার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া আসক্তি মামলা প্রত্যাহার

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১৩

মেটার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া আসক্তি মামলা প্রত্যাহার
ছবি : টেকক্রাঞ্চ

সোশ্যাল মিডিয়া আসক্তি নিয়ে করা বহুল আলোচিত মামলাটি শেষ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। মেটা জানিয়েছে, বাদী কোনো আর্থিক ক্ষতিপূরণ ছাড়াই স্বেচ্ছায় মামলাটি তুলে নিয়েছেন।

এই মামলায় আগে থেকেই টিকটক ও ইউটিউব সমঝোতায় পৌঁছেছিল। স্ন্যাপও সম্প্রতি প্রাথমিকভাবে সমঝোতার কথা নিশ্চিত করে। ফলে শেষ পর্যন্ত মেটাই ছিল একমাত্র অবশিষ্ট বিবাদী, যার বিরুদ্ধে মামলাটি চলছিল।

মামলাটি আগামী সপ্তাহে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টে শুনানির জন্য নির্ধারিত ছিল। তবে তার আগেই এটি প্রত্যাহার করা হয়।

ফ্লোরিডার এক কিশোর, যার পরিচয় গোপন রাখতে “আর.কে.সি.” নামে উল্লেখ করা হয়েছিল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে আসক্তিকর করে তোলার অভিযোগ এনে মামলা করেছিলেন। এটি ছিল হাজারো অনুরূপ মামলার একটি, যেখানে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবহারকারীদের আকৃষ্ট রাখতে ইচ্ছাকৃতভাবে নকশা তৈরির অভিযোগ আনা হয়।

এই ধরনের মামলার রায় প্রযুক্তি কোম্পানিগুলোর অ্যাপ ডিজাইনে বড় পরিবর্তন আনতে পারত বলে মনে করা হচ্ছিল। বিশেষ করে ইনফিনিট স্ক্রল বা ধারাবাহিক নোটিফিকেশনের মতো ফিচারগুলো নিয়ে প্রশ্ন উঠেছিল।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে নিউ মেক্সিকোর একটি মামলায় মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা গুনতে হয়। সেখানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবহারকারীদের বিভ্রান্ত করা এবং শিশুদের ঝুঁকির মধ্যে ফেলার অভিযোগ প্রমাণিত হয়।

এছাড়া মার্চ মাসে লস অ্যাঞ্জেলেসের আরেকটি মামলায় মেটা ও গুগলের বিরুদ্ধে রায় দিয়ে প্রায় ৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছিল

মেটা তাদের বিবৃতিতে জানিয়েছে, এই ফলাফল প্রমাণ করে যে ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে তারা লড়াই চালিয়ে যাবে

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন