এআই ভিডিওতে আয়ের পথে কড়াকড়ি আনছে ইউটিউব

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ২২ জুলাই ২০২৬, ১৩:০২

এআই ভিডিওতে আয়ের পথে কড়াকড়ি আনছে ইউটিউব
ছবি : সংগৃহীত

এআই টুলস দিয়ে অল্প সময়ে তৈরি একঘেয়ে ভিডিওর ভিড়ে ইউটিউব এখন আয়ের নীতিতে পরিবর্তন আনছে। প্ল্যাটফর্মটি চায়, শুধু দ্রুত বানানো ভিডিও নয়, বরং দর্শকের জন্য কাজে লাগে এমন মৌলিক কনটেন্টই যেন বেশি গুরুত্ব পায়। তাই একই ধরনের ভিডিও বারবার আপলোড করা বা সংবেদনশীল বিষয়ে ভার্চ্যুয়াল উপস্থাপক ব্যবহার করা চ্যানেলগুলো নতুন নিয়মের আওতায় আসছে।

ইউটিউব জানিয়েছে, তাদের পার্টনার কর্মসূচিতে আয় পেতে হলে কনটেন্টে সৃজনশীলতা ও স্বকীয়তা থাকতে হবে। কেবল এআই ব্যবহার করে দ্রুত ভিডিও তৈরি করলেই সেই কনটেন্ট আয়ের যোগ্য হবে না।

প্রতিষ্ঠানটির আস্থা ও নিরাপত্তা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ম্যাট হ্যালপ্রিনের ভাষ্য, নতুন নীতিতে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে তিন ধরনের কনটেন্টে। এর মধ্যে রয়েছে একই ছাঁচে বারবার তৈরি ভিডিও, এমন কনটেন্ট যা দর্শকের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং চিকিৎসা বা আইনসহ সংবেদনশীল বিষয়ে এআই নির্ভর ভার্চ্যুয়াল চরিত্র ব্যবহার করা ভিডিও।

তিনি বলেন, এআই প্রযুক্তি নির্মাতাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। কিন্তু একই সঙ্গে অনেকেই এই প্রযুক্তি ব্যবহার করে সৃজনশীলতা ছাড়া একঘেয়ে ভিডিও তৈরি করছেন, যা প্ল্যাটফর্মের মান কমিয়ে দেয়।

ইউটিউবের মতে, সংবেদনশীল বিষয়ে এআই দিয়ে তৈরি উপস্থাপক দর্শকদের বিভ্রান্ত করতে পারে। অনেক সময় এসব ভিডিওকে বাস্তব বিশেষজ্ঞের মতামত হিসেবে ধরা হয়, যা ঝুঁকিপূর্ণ। তাই এ ধরনের কনটেন্টকে আয়ের জন্য উপযুক্ত মনে করা হচ্ছে না।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, কোনো ভিডিও এআই দিয়ে তৈরি কি না সেটি প্রধান বিষয় নয়। কনটেন্টটি কতটা মৌলিক, সৃজনশীল এবং দর্শকের জন্য উপকারী, সেটিই বিবেচনায় আনা হবে। মানসম্মত ভিডিও হলে এআই ব্যবহারে কোনো বাধা নেই।

হ্যালপ্রিনের মতে, অনেক ভিডিওতে একই ফরম্যাট ব্যবহার করে বারবার একই ধরনের তথ্য উপস্থাপন করা হয়, যেখানে নতুনত্বের অভাব থাকে। এ ধরনের কনটেন্ট থেকে আয় সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কনটেন্ট নির্মাতাদের উদ্দেশে তিনি বলেন, দ্রুত আয়ের জন্য একই ধরনের ভিডিও তৈরি না করে নিজস্ব চিন্তা ও ভিন্নতা তুলে ধরাই ভালো। দর্শকরাও এমন কনটেন্ট বেশি গ্রহণ করেন।

ইউটিউব আগেও নিম্নমানের ও পুনরাবৃত্তিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। নতুন এই পদক্ষেপের মাধ্যমে সেই অবস্থান আরও জোরালো করা হলো।

গবেষণা প্রতিষ্ঠান ক্যাপউইংয়ের এক বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত নতুন ব্যবহারকারীদের কাছে দেখানো ভিডিওর ২০ শতাংশের বেশি ছিল নিম্নমানের এআই নির্ভর কনটেন্ট। এই প্রবণতা কমাতেই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন